Home খেলাধুলা পুরো কৃতিত্ব ফুটবলারদের দিলেন বাংলাদেশ কোচ

পুরো কৃতিত্ব ফুটবলারদের দিলেন বাংলাদেশ কোচ

34

ক্রীড়া প্রতিবেদক

ঘরের মাঠে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গারপুরকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের জালে রীতিমতো গোল উৎসব করেছে স্বাগতিকরা। সোমবার কমলাপুর স্টেডিয়ামে সিঙ্গাপুরকে ৮-০ গোলে হারিয়েছে সাবিনা খাতুনের দল।
এমন জয়ে পুরো কৃতিত্ব খেলোয়াড়দের কোর্টে ঠেলে দিয়েছেন বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু। এদিন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন,‘আসলে আমার কোনো অবদানই নেই, বিন্দুমাত্রও না। পুরো কৃতিত্ব ওদের (খেলোয়াড়দের)। সাধারণত বেশ কয়েকটি গোলের পর একটু অন্যরকম ভাব আসে। কিন্তু ওরা প্রতিনিয়ত গোল করেই গেছে।’

এদিন বদলি খেলোয়াড়রাও গোলের দেখা পেয়েছেন। শামসুন্নাহার জুনিয়র ও সুমাইয়া একটি করে গোল করেছেন। বিষয়টি নিয়ে তিনি বলেন, ‘একজন বদলি ফুটবলার নেমে গোল করছেন এবং দুর্দান্ত পারফরম্যান্স করছেন। এতে নির্দেশ করে দলটি বেশ ভালো।’

অন্যদিকে টানা দুই ম্যাচ হেরেও সিঙ্গাপুরের কোচ কারিম বেনশেরিফার কণ্ঠে ঝরলো বাংলাদেশের প্রশংসা। তিনি বলেন, ‘বাংলাদেশ ফুটবল অনেক উন্নতি করেছে। ৮ গোলের ব্যবধান কোনো বিষয় নয়। বাংলাদেশ এর আগে মালয়েশিয়াকে ৬ গোলে এবং আরো বড় র‌্যাংকিংধারী দলগুলোকে হারিয়েছে। এটা সম্ভব হয়েছে দীর্ঘদিন নারী ফুটবল নিয়ে কাজ করেছে এজন্য।’