ঢাকা অফিস
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার পরিচয় দেওয়া দুই প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
তারা হলেন শহিদুর রহমান ওরফে শহিদুল হক দিপু ও মনিরুল ইসলাম ভুট্টো। শনিবার ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
তাদের মধ্যে শহিদুর রহমান বিভিন্ন জেলার ডিসি ও জেলা পরিষদের সচিবদের কাছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি পরিচয়ে ফোন করতেন। আর মনিরুল ইসলাম ভুট্টো নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার পরিচয়ে আসন্ন নির্বাচনে রাজনৈতিক নেতাদের মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাসে প্রতারণার চেষ্টা চালিয়ে আসছিলেন।
রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গ্রেফতার শহিদুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষিত। মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজুর পরিচয়ে বিভিন্ন প্রার্থীকে কোটি টাকার বিনিময়ে মনোনয়ন পাইয়ে দেওয়ার নামে প্রতারণায় নামেন আরেক প্রতারক মনিরুল ইসলাম ভুট্টো। তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর)। তার বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণ ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।











































