ঢাকা অফিস।।
সরকারের পদত্যাগের দাবিতে আজ রোববার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো। ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ, নৌপথে দলটির এই অবরোধ কর্মসূচি চলবে। গত বৃহস্পতিবার নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিন ১২ ঘণ্টার হরতাল কর্মসূচির পর এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, এক দফা দাবিতে এই অবরোধ কর্মসূচি সফল করতে দলের ও সমমনা জোটের সব নেতাকর্মী রাজপথে অবস্থা করবে। এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে বিএনপি দশম দফায় কর্মসূচি পালন করছে। সেদিন নয়াপল্টনে পুলিশের সাথে সংঘর্ষে সমাবেশ পণ্ড হয়ে গেলে পরদিন ডাকা হয় হরতাল। এরপর বিএনপির বেশির ভাগ সিনিয়র নেতা গ্রেফতার হন, বাকিরা চলে যান নিরাপদ অবস্থানে। এ পর্যন্ত ১৬ দিন অবরোধ এবং চার দিন হরতাল করেছে বিএনপি। রুহুল কবির রিজভী বলেন, আন্দোলনের চলমান কর্মসূচি চলছে।
শেখ হাসিনাকে পদত্যাগ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্তি ও তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। তিনি বলেন, এক দফার চলমান আন্দোলন বিজয়ের পথে ধাবিত হচ্ছে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত বিএনপি ও সমমনা জোটের নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয়ে কর্মসূচি বাস্তবায়ন করবেন।











































