Home খেলাধুলা যারা সবকিছু জিতেছে আমি তাদের একজন: মেসি

যারা সবকিছু জিতেছে আমি তাদের একজন: মেসি

42

স্পোর্টস ডেস্ক

সৌদি আরবের কাছে হেরে কাতার বিশ্বকাপ মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। তুলনামূলক কম শক্তিধর দলের সঙ্গে হারের পর ব্যাপক সমালোচিত হয় আকাশি-সাদারা। কিন্তু পরবর্তীতে ঘুরে দাঁড়িয়ে ঠিকই দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন তকমা পুনরুদ্ধার করে আলবিসেলেস্তেরা। সেই সঙ্গে নিজের অপূর্ণতাকেও তৃপ্তিতে পরিণত করেন লিওনেল মেসি।
নিজের ব্যক্তিগত ক্যারিয়ারে সম্ভাব্য সব শিরোপায় উঁচিয়ে ধরেছেন মেসি। শুধু আক্ষেপ ছিল বিশ্বকাপ না জেতার। কাতারে সেই আক্ষেপও ঘুচে যায় তার।

সম্প্রতি আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয় নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মিত হয়েছে। যেখানে মেসি বলেন, বিশ্বকাপ জিতে তার সব আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। তিনি এমন একজন, যিনি সবকিছু জিতেছেন।

আর্জেন্টাইন দলপতি আরো বলেন, ‘আমি সৌভাগ্যবান যে আমি ক্লাব পর্যায়ে বার্সেলোনার হয়ে এবং ব্যক্তিগত পর্যায়ে সবকিছু জিততে পেরেছি। শুধু এটাই (বিশ্বকাপ) আমার অধরা ছিল। খুব কমসংখ্যক মানুষ আছে, যারা বলতে পারে যে তারা সবকিছু জিতেছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে আমি তাদের একজন।’

নিজের খারাপ সময় নিয়ে মেসি জানিয়েছেন, ‘আমারও খারাপ সময় গেছে। আমার পরিবার এবং যেসব মানুষ আমাকে ভালোবাসে তারাও এর মধ্য দিয়ে গেছে। (আর্জেন্টিনায় সমালোচকেরা) এ প্রজন্মের খেলোয়াড়দের প্রতি খুবই অন্যায্য আচরণ করেছিল। তারা আমাকে নিয়েও অনেক বাজে কথা বলেছে। তবে আমি বিদ্বেষী নই।’