Home Uncategorized নির্বাচনে যেসব বিষয় লক্ষ্য করছে যুক্তরাষ্ট্র

নির্বাচনে যেসব বিষয় লক্ষ্য করছে যুক্তরাষ্ট্র

37

ঢাকা অফিস।।

বাংলাদেশে যুক্তরাষ্ট্র একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। আর এই বার্তাটি গত দুই বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র দিচ্ছিল। নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাজনৈতিক দলের মধ্যে শর্তহীন সংলাপের তাগিদ দেওয়া হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সংলাপ হয়নি। সংলাপ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণার পর মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

নির্বাচন কোন প্রক্রিয়ায় হচ্ছে, এই নির্বাচন কতটুকু বিশ্বাসযোগ্য, জনগণের অংশগ্রহণমূলক হচ্ছে কিনা তার প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি ভাবে তারা লক্ষ্য করেছেন। এ ব্যাপারে সুশীল সমাজসহ বিভিন্ন গোষ্ঠীর মতামতও গ্রহণ করছেন। নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ আচরণ করছে সেই বিষয়েও তাদের নজর রয়েছে। এরকম পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী নির্বাচনকে স্বীকৃতি দেয় কিনা বা কিভাবে গ্রহণ করে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

আগামী নির্বাচনে কারা জিতবে, কারা হারবে এর চেয়েও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে, এই নির্বাচনকে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দেশগুলো শেষ পর্যন্ত স্বীকৃতি দিবে কিনা। নির্বাচনের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকটি সুনির্দিষ্ট বিষয়ের ওপর নজর রাখছে বলে অনেকে মনে করছেন। বিশেষ করে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে, এই সব বিষয়ের ভিত্তিতে তারা বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে শেষ পর্যন্ত একটি সিদ্ধান্তে উপনীত হতে পারেন। যে সমস্ত বিষয়গুলো নিয়ে তারা নজর রাখছেন তা হল;

১. বিরোধী দল: এই নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণ না করার কারণ কি? বিরোধী দল কেন নির্বাচনে অংশগ্রহণ করল না? এটি কি সরকারের দাবি অনুযায়ী যে তারা জয়ী হতে পারবে না এটি ভেবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে অথবা এই নির্বাচনে তারা অংশগ্রহণ না করুক এটি সরকারি দল চাইনি? নির্বাচনের উপযুক্ত পরিবেশ না থাকার জন্যই কি বিএনপি নির্বাচনে যায়নি কিনা? এই বিষয়টি নিয়ে মাঠ পর্যায়ে সরেজমিনে অনুসন্ধান করছে পশ্চিমা দেশগুলো।

২. নির্বাচন কমিশনের ভূমিকা: নির্বাচন কমিশন এই নির্বাচনে স্বাধীন এবং স্বতন্ত্র অবস্থান কতটুকু বজায় রেখেছে, কতটুকু নিরপেক্ষ ভাবে কাজ করছে এটিও পশ্চিমা দেশগুলো নজরদারির মধ্যে রেখেছে৷

৩. নির্বাচনের আইনকানুন এবং আচরণবিধি: নির্বাচনের আইনকানুন এবং আচরণবিধি কিভাবে মানা হচ্ছে, মনোনয়নপত্র দাখিলের সময় আইন কতটুকু মানা হয়েছে, কারা কারা আইন ভঙ্গ করেছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো পর্যবেক্ষণ করছে এবং নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই কাজগুলো একটি বড় ফ্যাক্টর হিসাবে দাড়াবে বলে অনেকেই মনে করছেন।

৪. জনগণের অংশগ্রহণ: নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন কিনা, জনগণের অংশগ্রহণ কতটুকু নিশ্চিত হচ্ছে সে বিষয়টিও নির্বাচনের সময় খেয়াল করা হবে বলে ধারণা করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। কারণ শেষ পর্যন্ত যদি নির্বাচনে জনগণের সামনে বিকল্প না থাকে, কাকে পছন্দ করবে, কাকে পছন্দ করবে না, সেটি নির্ধারণের সুযোগ না থাকে তাহলে সেই নির্বাচন অর্থহীন এবং গুরুত্বহীন হয়ে পড়বে। সে রকম কিছু ঘটছে কি না সেটি দেখা হবে।

৫. সুশীল সমাজ এবং পর্যবেক্ষকদের দৃষ্টিভঙ্গি: মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো সুশীল সমাজ নির্বাচনকে কি চোখে দেখছেন এবং নির্বাচন পর্যবেক্ষকরা নির্বাচন সম্পর্কে কি মূল্যায়ন করছেন, সেই বিষয়গুলো পরীক্ষা করে দেখবেন এবং এই বিষয়গুলোর ওপরই নির্ভর করবে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে পশ্চিমা দেশগুলো গ্রহণ করবে নাকি প্রত্যাখ্যান করবে।