ক্রীড়া প্রতিবেদক।।
দুই মাস পর আর্ন্তজাতিক ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সর্বশেষ সেপ্টেম্বরে এশিয়ান গেমসে নেপালের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। ওই ম্যাচে হিমালয়ের দেশটির কাছে ১-১ গোলে ড্র করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর আর কোনো ম্যাচ খেলেননি সাবিনা খাতুনরা। তবে অনেক দিন পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দল। সেখানে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে স্বাগতিকরা।
শুক্রবার (১ ডিসেম্বর)কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরকে ২০ মিনিটের আগেই ২ গোল দিয়েছে মারিয়া-তহুরারা।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথম মিনিটে গোলের সামনে ফ্রি বল পেয়েও লক্ষ্যে শট নিতে পারেননি তহুরা খাতুন। তবে এক মিনিট পরেই সেই আক্ষেপ ঘুচিয়েছেন আফিদা খাতুন। তৃতীয় মিনিটে কর্ণার থেকে আসা বলে হেড নেন আফিদা। বল বারপোস্টে বাধা পেলেও পড়ে গোললাইনের ভিতরে। লিড পেয়ে যায় বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা অচেনা প্রতিপক্ষ সিঙ্গাপুরকে নিয়ে খানিকটা দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ নারী দল। তবে সব চিন্তা উবে যেতে সময় লেগেছে মাত্র ৩ মিনিটে। আফিদা খাতুনের গোলে লিড পাওয়ার পর ১৬ মিনিটের মাথায় লিড দ্বিগুণ করে বাংলাদেশ।
বাকি সময়েও আক্রমণাত্মক ফুটবল খেলেছে বাংলাদেশের মেয়েরা। তবে গোলের দেখা পায়নি। ফলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।
এর আগে শক্তি বিচারে বাংলাদেশ আর সিঙ্গাপুরের পার্থক্য রয়েছে। ফিফা নারী ফুটবল র্যাংকিংয়ে বাংলাদেশ থেকে ১২ ধাপ এগিয়ে সিঙ্গাপুর। বাংলাদেশ যেখানে ১৪২, সিঙ্গাপুর সেখানে ১৩০। তবে ধারণা করা যাচ্ছে দুই দলের লড়াইটা কিছুটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে।
সিঙ্গাপুরের সঙ্গে এবারই প্রথম বাংলাদেশ মাঠে নামবে বিষয়টি এমন নয়। এর আগে ২০১৬ সালে একবারই সিঙ্গাপুরের সঙ্গে খেলেছিল বাংলাদেশ দল।সেবার তাদের কাছে ২-১ গোলে হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবারে সেই সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের মেয়েদের।











































