স্পোর্টস ডেস্ক
‘খেলাধুলায় অসংখ্য দর্শককে চুপ করিয়ে দেয়ার চেয়ে তৃপ্তিদায়ক আর কিছু নেই। এটিই আমাদের লক্ষ্য।’Ñ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে কথাগুলো বলেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। গত ১৯শে নভেম্বর ওয়ার্ল্ডকাপের ফাইনালে নিজের পরিকল্পনা বাস্তবায়নও করেন তিনি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ভারতের একেকজন ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে লাখো দর্শকদের চুপ করিয়ে দেয় অজিরা। আহমেদাবাদের সেই পিন-পতন নীরবতা ‘মৃত্যুশয্যায়’ও মনে পড়বে অস্ট্রেলিয়াকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানো কামিন্সের।
টানা ১০ জয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত। রাউন্ড রবিন লীগ এবং সেমিফাইনাল মিলিয়ে ৮ জয় পাওয়া অস্ট্রেলিয়ার মোকাবিলায় শিরোপার লড়াইয়ে ফেভারিট ছিল ভারতীয়রাই। তবে দুর্দান্ত পারফরম্যান্সে রোহিত শর্মাদের মুদ্রার উল্টো পিঠ দেখায় প্যাট কামিন্সের দল। যদিও শুরুতে ব্যাটিংয়ে নেমে ৮১ রানে তিন উইকেট হারানো ভারতের হাল ধরেছিলেন বিরাট কোহলি। তবে ওয়ানডাউনে নামা এই ব্যাটারকে পঞ্চাশের কোটাতেই থামান কামিন্স। কোহলি ফেরার পর আহমেদাবাদে উপস্থিত ৯০ হাজারেরও বেশি দর্শকদের আনন্দ থেমে যায়।
অস্ট্রেলিয়ান দৈনিক দ্য এইজের সাক্ষাৎকারে কামিন্সকে জিজ্ঞেস করা হয়, ৭০ বছর বয়সে মৃত্যুশয্যায় শুয়ে ফাইনালের কোন মুহূর্তটা তিনি মনে করতে পারবেন? জবাবে অস্ট্রেলিয়া অধিনায়ক কোহলির সেই উইকেটের কথা বলেন। ওই মুহূর্তের বর্ণনায় তিনি বলেন, ‘উইকেটটা পেয়ে আমি খুবই উৎফুল্ল ছিলাম। তারপর সবাই যখন গোল হয়ে দাঁড়ালাম, স্টিভেন স্মিথ বলল, ‘‘এসো, সবাই এক সেকেন্ড দর্শকদের শব্দ শুনি।’’ মুহূর্তের জন্য আমরা চুপ করে গেলাম। মনে হলো গ্রন্থাগারের নীরবতার মধ্যে আছি। চারপাশে হাজার হাজার ভারতীয় দর্শক। কিন্তু একেবারে নিস্তব্ধ। এই মুহূর্তের স্বাদটা আমি অনেক দিন অনুভব করব।’ বিশ্বকাপের ফাইনালে ভারতকে ২৪০ রানে আটকে দিয়ে ৬ উইকেটের জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া।











































