স্পোর্টস ডেস্ক||
রাত পোহালেই পর্দা উঠবে ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত আসর আবুধাবি টি-১০ লিগ। টুর্নামেন্টের সপ্তম আসরের উদ্বোধনি ম্যাচে হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে, ২৮ নভেম্বর। আর ফাইনালের মধ্য দিয়ে ৯ ডিসেম্বর পর্দা নামবে এই লিগের।
উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে ডেকান গ্ল্যাডিয়েটর্স-নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। ১২ দিনের এই টুর্নামেন্টে অংশ নেয়া বাকি পাঁচটি ফ্র্যাঞ্চাইজি হলো নর্দার্ন ওয়ারিয়র্স, মরিসভিলে স্যাম্প আর্মি, দিল্লি বুলস, টিম আবুধাবি ও চেন্নাই ব্রেভস।
টুর্নামেন্টের প্রতিটি খেলা সরাসরি দেখা যাবে বাংলাদেশের ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন টি-স্পোর্টসে। শুধু তাই নয়, টি-স্পোর্টসের অ্যাপেও খেলা দেখার সুযোগ থাকছে।
এবারের মৌসুমে বাংলা টাইগার্সের জার্সিতে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। তবে ইনজুরির কারণে দেখা যাবে না সাকিব ও তাসকিন আহমেদকে। ইনজুরির কারণে দুজনের কেউই যাচ্ছেন না আবুধাবি। সেই সঙ্গে সাকিবের নির্বাচনী ব্যস্ততাতো আছেই।
টুর্নামেন্টের সপ্তম আসরের শুরু উপলক্ষে সোমবার অধিনায়কদের নিয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডেকান গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক নিকোলাস পুরাণের চাওয়া ট্রফি ধরে রাখা। দলটির সামনে হাতছানি দিচ্ছে তৃতীয় ট্রফি।
পুরাণ বলেন, ‘আমার জন্য গতবারের মৌসুমটা দারুণ ছিল। শুধু অধিনায়ক হিসেবে নয় ব্যাটার হিসেবেও দলে অবদান রাখতে পেরে আমি খুব খুশি ছিলাম। আমার লক্ষ্য এই মৌসুমে ট্রফি ধরে রাখা। গ্ল্যাডিয়েটর্সকে নেতৃত্ব দেওয়া সম্মানের, আমরা এখন তৃতীয় ট্রফির সামনে দাঁড়িয়ে আছি।’











































