ঢাকা অফিস
সরকারের দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী ও তিন উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ হচ্ছে। এ বিষয়ে আগামীকাল সোমবার সিদ্ধান্ত নেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে গত ২০ নভেম্বর পদত্যাগপত্র জমা দেন টেকনোক্র্যাট নিয়োগ পাওয়া ওই মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা। এদিকে সরকার নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার ছোট করার কথা ভাবছে বলে জানা গেছে। সরকারের গুরুত্বপূর্ণ এক মন্ত্রী এমন আভাস দিয়েছেন।
প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার বর্তমান সদস্য ৪৮ জন। এর মধ্যে ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী। তিনজনের পদত্যাগের পর মন্ত্রিসভায় থাকবেন ৪৫ জন।
এর আগে, গত সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টেকনোক্র্যাট দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তিন উপদেষ্টা পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে পদত্যাগপত্র জমা দিলেও তা কার্যকর না হওয়া পর্যন্ত তাদের অফিস করতে বাধা নেই।
পদত্যাগপত্র জমাদানকারীরা হলেন, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এ ছাড়া প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী পদত্যাগপত্র জমা দিয়েছেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, পদত্যাগপত্র কার্যকর করার পদ্ধতি আছে, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। কবে থেকে তা কার্যকর– এমন প্রশ্নের জবাবে মো. মাহবুব হোসেন বলেন, ‘ধরাবাঁধা আইন নেই যে এতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। প্রক্রিয়া আছে, অনুমোদন নিতে হবে। পদত্যাগপত্র গ্রহণ করে গেজেট হবে, পদ যখন খালি হবে তখন শূন্য পদের মন্ত্রণালয় ভাগ করা প্রধানমন্ত্রীর এখতিয়ার।’ তবে জানা গেছে, আগামীকাল সোমবার মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের জমা দেওয়া পদত্যাগপত্র গ্রহণ হবে।
গত দুই নির্বাচনের আগে ছোট হয়েছিল মন্ত্রিসভার আকার। ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর নির্দেশে টেকনোক্র্যাটসহ ৩০ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদত্যাগ করেন। ২০১৮ সালের নির্বাচনের আগেও অনির্বাচিত মন্ত্রী ও উপদেষ্টারা পদত্যাগ করেন। জানা গেছে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
সরকারের গুরুত্বপূর্ণ এক মন্ত্রী জানান, সরকার নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার ছোট করার চিন্তাভাবনা করছে। এ বিষয়ে আগামীকাল সোমবার সিদ্ধান্ত আসতে পারে।
ওবায়দুল কাদের জানান, নির্বাচনকালীন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী-উপদেষ্টারা থাকছেন না। ফলে মন্ত্রী ও উপদেষ্টাদের মধ্যে কে থাকছেন আর কে থাকছেন না– তা জানা যাবে আগামীকাল।
গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তপশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোট গ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।
এদিকে, গতকাল বিভাগীয় কমিশনারদের নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সমন্বয় সভা থাকলেও তা বাতিল করা হয়েছে। এ ছাড়া তপশিল ঘোষণা হওয়ায় এখন জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রশাসনের কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে ইসির অনুমোদন নিতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সরকারের স্বাভাবিক কাজকর্ম যথারীতি চলবে। সব বিষয়ে জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, নির্বাচনী আচরণবিধি, সরকারের রুলস অব বিজনেস, ওয়ারেন্ট অব প্রিসিডেন্স পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করা হবে। এগুলো নিয়ে কোনো জটিলতা নেই।











































