Home জাতীয় সাংবাদিক ইলিয়াসসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৮ জানুয়ারি

সাংবাদিক ইলিয়াসসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৮ জানুয়ারি

61

ঢাকা অফিস
পিবিআই প্রধান বনজ কুমারের করা মামলায় সাংবাদিক ইলিয়াস হোসেনসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৮ জানুয়ারি দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়াত এ আদেশ দেন।

এর আগে গত ২৫ জুলাই আদালত আসামি সাংবাদিক ইলিয়াস হোসাইন ও বাবুলের ভাই মো. হাবিবুর রহমান লাবুর বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। উপাদান না থাকায় এসপি বাবুল আক্তারকে অব্যাহতি দেন। এ সময় পলাতক থাকায় আসামি ইলিয়াসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপর গত ৩১ আগস্ট ইলিয়াসের সম্পত্তি ক্রোকের আদেশ দেন ট্রাইব্যুনাল।

গত ২ অক্টোবর ইলিয়াসের সম্পত্তি পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দেয় টঙ্গী পশ্চিম থানা পুলিশ। ওই দিন তাকে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন আদালত।

২০২২ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বাদী হয়ে মামলা করেন। ওই বছরের ১০ নভেম্বর বাবুল আক্তারকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এ মামলায় বাবুল আক্তারের ভাই লাবু ও বাবা ওয়াদুদ জামিনে রয়েছে। তবে সাংবাদিক ইলিয়াস পলাতক রয়েছে।

তদন্ত শেষে গত ৯ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা ও ধানমন্ডি মডেল থানার পুলিশ পরিদর্শক মো. রবিউল ইসলাম ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। তবে বিশেষ ক্ষমতা আইনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়।