Home খেলাধুলা আইপিএলে হার্দিক পান্ডিয়াকে নিয়ে জটিলতা

আইপিএলে হার্দিক পান্ডিয়াকে নিয়ে জটিলতা

27

স্পোর্টস ডেস্ক।।

হার্দিক পান্ডিয়াকে নিয়ে আইপিএল নিলামের আগে নাটক শেষ হয়েও হচ্ছে না। রোববার চরম উৎকণ্ঠার মধ্যে কয়েক মুহূর্ত থাকার পর শেষে জানা গেছে, হার্দিককে ধরে রেখেছে গুজরাট টাইটান্স।

অর্থাৎ হার্দিকের মুম্বাইয়ে যাওয়ার জল্পনা ছড়িয়েছিল তা আপাতত সত্য প্রমাণিত হল না। কিন্তু এখানেই শেষ নয়। হার্দিককে নেয়ার সুযোগ এখনো রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে। কীভাবে?

আইপিএলের নিলাম ১৯ ডিসেম্বর। তার আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দেওয়া হচ্ছে তার তালিকা জানানোর শেষ দিন ছিল ২৬ নভেম্বর, অর্থাৎ রোববার বিকাল ৫টা পর্যন্ত। কিন্তু আইপিএলের ‘ট্রেডিং উইন্ডো’ এখনো খোলা।

১২ ডিসেম্বর পর্যন্ত তা খোলা থাকবে। মুম্বাই হার্দিককে নিতেই পারে। তার বদলে সমমানের কোনো ক্রিকেটারকে ছেড়ে দিতে হবে। নগদ অর্থের বদলে হার্দিককে নেয়া আর সম্ভব নয়।

আগে শোনা গিয়েছিল, হার্দিককে মুম্বাই নিলেও গুজরাট কোনো ক্রিকেটারকে নেবে না। বদলে তারা ১৫ কোটি টাকা নেবে। শেষে মুম্বাই টাকা দেওয়ার অপারগতার কথা জানায়। ফলে হার্দিককে ধরে রাখে গুজরাট।

এবার হার্দিককে নিতে গেলে ‘প্লেয়ার-টু-প্লেয়ার সোয়াপ’ করতে হবে। অর্থাৎ হার্দিকের পরিবর্তে অন্য কোনো ক্রিকেটারকে নিতে হবে গুজরাটকে।

হার্দিকের সমমানের ক্রিকেটার বলতে গেলে মুম্বাই দলে প্রথমেই মনে আসে রোহিত শর্মার কথা। কিন্তু পাঁচবারের আইপিএলজয়ী অধিনায়ককে যে মুম্বাই ছাড়বে না এটা এখনই বলে দেওয়া যায়।

সেক্ষেত্রে আরো কিছু বিকল্প মুম্বাইয়ের হাতে রয়েছে। যেমন সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, ক্যামেরন গ্রিন বা জাসপ্রিত বুমরাহ। কিন্তু সেটা নির্ভর করছে গুজরাট রাজি হবে কি না তার উপরে।

ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, হার্দিক আরো অন্তত এক বছরের জন্যে থেকে যাচ্ছেন গুজরাটে। কারণ হার্দিকের বদলে নিজের দল থেকে দেওয়ার মতো ‘যোগ্য’ ক্রিকেটার মুম্বাই দিতে পারবে না।