Home খেলাধুলা ২০২৮ অলিম্পিকে যে ইভেন্টে পদক চায় বাংলাদেশ

২০২৮ অলিম্পিকে যে ইভেন্টে পদক চায় বাংলাদেশ

41

ক্রীড়া প্রতিবেদক।।

২০২৮ সালের অলিম্পিক গেমসে পদক জয়ের লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরি করেছে বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন (বিজিএফ)। সভাপতি শেখ বশির আহমেদ মামুনের দক্ষ নেতৃত্বে এই স্বপ্ন বাস্তবায়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ফেডারেশন।

যার মধ্যে প্রথম পদক্ষেপটি ছিল আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের (এফআইজি) প্রতিনিধিদের বাংলাদেশে তাদের কার্যনির্বাহী সভা করার জন্য নিয়ে আসা। এফআইজি সাধারণত তাদের সদস্য রাস্ট্রে কার্যনির্বাহী সভা করে থাকে।

তবে ফেডারেশনের ইতিহাসে প্রথম তারা সদস্য নয় এমন দেশে তাদের সভা করেছে। যা সম্ভব হয়েছে বশির আহমেদ মামুনের দূরদৃষ্টি সম্পন্ন প্রচেষ্টায়। নিজের সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশের জিমন্যাস্টিকসকেও অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন তিনি।

রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দু’দিনের সভা শেষে এফআইজি সভাপতি মরিনারি ওয়াতানাবে বলেন, ‘বাংলাদেশে সভা করার এই উদ্যোগের নেপথ্যে ছিল তার (শেখ বশির আহমেদ মামুন) আন্তরিক প্রচেষ্টা।’

কার্যনির্বাহী কমিটির সভা শেষে বিজিএফের এক উন্নয়ন সভাতে উপস্থিত ছিলেন এফআইজি’র সভাপতি। আন্তর্জাতিক ফেডারেশনের নির্বাহী কমিটির প্রায় সব সদস্যই ওই সভায় উপস্থিত ছিলেন। এসময় তারা বাংলাদেশের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন।

ওয়াতানাবে আরো বলেন, ‘বাংলাদেশ যে প্রতিভাবান জিমন্যাস্ট তৈরি করেছে, তাতে আমি বিস্মিত। বৃহত্তর সাফল্য অর্জনের লক্ষ্যে তাদের অগ্রযাত্রা আমাকে খুশি করেছে। আমি বিশ্বাস করি তারা ২০২৮ সালের অলিম্পিক গেমসে অন্তত একটি পদক অর্জন করতে পারবে।’

খেলাধুলার যেকোনো ডিসিপ্লিনের সাফল্য সাধারণত নির্ভর করে এর মৌলিক ভিত্তি কতটা শক্তিশালী তার উপর। আর তাই স্কুল পর্যায়ে জিমন্যাস্টিকস চালু করার ওপর জোর দিয়েছেন বিজিএফ সভাপতি বশির আহমেদ মামুম।

তিনি বলেন, ‘স্কুল পর্যায়ে (জিমন্যাস্টিকস) চালু করার জন্য এরই মধ্যে আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমি চাই খেলোয়াড়রা তৃণমূল পর্যায় থেকে প্রস্তুত হোক। যাতে আমরা আমাদের পাইপলাইনকে শক্তিশালী করতে পারি।’

তিনি আরো বলেন, ‘এখানে এফআইজি সভার আয়েজনটি ছিল আমাদের জন্য বড় এক সাফল্য। বৈঠক ছাড়াও তারা আমাদের জিমন্যাস্টিকসের অবস্থা দেখতে পেরেছে। ব্যস্ত সূচির কারণে আমরা তাদেরকে বিকেএসপিতে নিতে পারছি না।

তবে অনলাইনে আমরা তাদেরকে বিকেএসপির বর্তমান সুযোগ-সুবিধাগুলো উপস্থাপন করেছি। তারা আমাদের লক্ষ্য ও পরিকল্পনা দেখে সন্তুষ্ট। কিছু সদস্য দেশ আমাদের প্রতি তাদের সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

যেহেতু আমরা ২০২৮ সালের অলিম্পিক গেমসে পদক পাওয়ার লক্ষ্যের দিকে অগ্রসর হতে চাই, এতে তারা তাদের সমর্থন দেবে। প্রশিক্ষণের জন্য আমরা জিমন্যাস্ট, কোচ এবং বিচারকসহ ১৫ সদস্যের একটি দল ৫ ডিসেম্বর কোরিয়া পাঠাব।

এরপর মিশর ও আজারবাইজানেও আমরা দল পাঠাব। তারা আমাদের সহায়তা করবে। দক্ষতা বাড়ানোর জন্য আমাদের অনলাইন কোর্স এবং অনলাইন প্রশিক্ষণও থাকবে। আশা করি আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হব।’