স্পোর্টস ডেস্ক।।
দুঃসংবাদ সঙ্গী করেই বছর শেষ হলো লিওনেল মেসির। বুধবার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ‘ঘটনাবহুল’ বিশ্বকাপ বাছাই ম্যাচ শুরুর আগে কুঁচকিতে ব্যথা পান আর্জেন্টাইন ফুটবল মহাতারকা। ব্যথা নিয়েই খেলেন মেসি। ১-০ গোলে ম্যাচ জেতে বিশ্ব চ্যাম্পিয়নরা। রিওডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে বুধবার দুই ফুটবল পরাশক্তির ‘সুপার ক্ল্যাসিকো’ মাঠে গড়ানোর ঠিক আগে গ্যালারিতে ঘটে যায় অনাকাঙ্খিত এক ঘটনা। আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত চলার সময় ব্রাজিলিয়ান সমর্থকদের ‘দুয়ো’ দেওয়ার মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত। গ্যালারির একাংশে মারামারিতে জড়িয়ে পড়ে দুই দলের সমর্থকরা।
পুলিশের লাঠিচার্জ থামাতে আর্জেন্টিনার ফুটবলাররা গ্যালারির দিকে ছুটে যান। সেখানেই পায়ের কুঁচকিতে ব্যথা পান মেসি। সংবাদমাধ্যম ‘ইএসপিএন’ এই তথ্য দিয়ে আরও জানিয়েছে, আর্জেন্টিনা দল লকার রুমে ফিরে আসার পরেও পায়ের ব্যথা কমছিলো না মেসির।
পরে ম্যাচটি শুরু হলে মেসিকে টাচ লাইনের কাছে গিয়ে পাযের চিকিৎসা নিতেও দেখা যায়। ঘাটতি দেখা যায় তার ফিটনেসেও। ৬৩ মিনিটে নিকোলাস ওতামেন্দি দলকে এগিয়ে নেওয়ার পর ৭৮ মিনিটে মেসিকে তুলে নেন কোচ স্কালোনি। ২০২৪ সালে নতুন করে সবকিছু শুরু করার জন্য তার হাতে যথেষ্ট সময় রয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।











































