স্পোর্টস ডেস্ক।।
লা লিগার আসন্ন নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বুধবার পদত্যাগ করেছেন বর্তমান সভাপতি হাভিয়ের তেবাস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
তেবাস লিখেছেন, কয়েক মিনিট আগে আমি সভাপতির পদ ছেড়ে দিয়েছি। যদিও বতর্মান মেয়াদ ছিল ২৩ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই আমি পদত্যাগ করলাম।
অচিরেই নতুন নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, যেখানে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। সামনে ক্লাবগুলোকে যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তা নিরসনে সবাইকে (আমার উপর) আস্থা রাখার জন্য বলবো।
এক বিজ্ঞপ্তিতে লা লিগা জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া শুরুর জন্য অচিরেই একটি ইলেক্টোরাল কমিশন গঠন করা হবে। এই মুহূর্তে সভাপতি পদের একমাত্র প্রার্থী তেবাস। যদিও এখনো নির্ধারিত হয়নি নির্বাচনের তারিখ।
তবে টানা চতুর্থবারের মতো সভাপতি হবার আশা করছেন তিনি। এর আগে ২০১৩ সালের এপ্রিলে প্রথমবারের মতো লা লিগার সভাপতি নির্বাচিত হন ৬১ বছর বয়সি তেবাস। এরপর ২০১৬ এবং ২০১৯ সালে পুনরায় এই পদে নির্বাচিত হন তিনি।









































