Home বিনোদন ‘রিকশা গার্ল’ এবার আরব আমিরাতে‌

‘রিকশা গার্ল’ এবার আরব আমিরাতে‌

38

বিনোদন ডেস্ক।।

‘আয়নাবাজি’র পর অমিতাভ রেজা চৌধুরীর দ্বিতীয় ছবি ‘রিকশা গার্ল’। যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা ও কানাডাসহ কয়েকটি দেশে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। দেশ-বিদেশে সুনাম কুড়ানো ‘রিকশা গার্ল’ এবার দেখা যাবে সংযুক্ত আরব আমিরাতে। সিনেমাটি আগামী ৮ ও ৯ ডিসেম্বর দুবাইয়ের ইবনে বতুতা মলে নভো সিনেমা ও দেরা সিটি সেন্টারের ভক্স সিনেমায় প্রদর্শন করা হবে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে দুবাইয়ের স্থানীয় একটি রেস্টুরেন্ট বল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জুয়েলারি ডিজাইনার ও বাংলা আর্ট উইক-এর কর্ণধার নীহারিকা মমতাজ।

তিনি জানান, সিনেমাটির টিকিট পাওয়া যাবে ভেন্যুতে এবং কিউ-টিকিট ডটকমে।

নীহারিকা মমতাজ বলেন, আমিরাতে অন্যান্য দেশের সিনেমা যেভাবে জনপ্রিয়তার শীর্ষে আছে, হলে দেখার সুযোগ না থাকায় বাংলাদেশি সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা এখানে চোখে পড়ে না। তবে এবার দেশের সঙ্গে মিল রেখে একই দিন বাংলাদেশের চলচ্চিত্র আমিরাতের মাটিতেও প্রবাসীদের জন্য রিলিজ দেওয়ার পরিকল্পনা করছে নীহারিকা মমতাজ প্রোডাকশন।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় নাইমার ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশি তরুণ অভিনয়শিল্পী নভেরা রহমান। নাইমার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। আরও অভিনয় করেছেন চম্পা, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।