Home আলোচিত সংবাদ খুলনার ৬টি আসনে আ.লীগের প্রতিদ্বন্দ্বী আ.লীগ

খুলনার ৬টি আসনে আ.লীগের প্রতিদ্বন্দ্বী আ.লীগ

61

 

স্টাফ রিপোর্টার।।
খুলনার ছয়টি আসনের মধ্যে টানা তিনবার সংসদ-সদস্য রয়েছেন খুলনা-৩ আসনে বেগম মুন্নুজান সুফিয়ান এবং খুলনা-৫ আসনে নারায়ণ চন্দ্র চন্দ। দুজনই প্রবীণ আওয়ামী লীগ নেতা। এর মধ্যে মুন্নুজান সুফিয়ান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীসহ এই মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এবং নারায়ণ চন্দ্র চন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীসহ পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এবার আওয়ামী লীগের তরুণ নেতাদের চোখ এ দুটি আসনে। এদিকে খুলনা-২ আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে একমাত্র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল। এ ছাড়া খুলনা-১, ৪ এবং ৬ আসনেও রয়েছে বর্তমান সংসদ-সদস্যের বিপরীতে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী। জানা যায়, খুলনার পাঁচটি আসন থেকে প্রায় ৬০ জন প্রার্থী আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে খুলনা-৩ এবং ৫ আসনে অপ্রত্যাশিত প্রার্থীদের আগ্রহ বেশি লক্ষ্য করা গেছে। খুলনা-৫ আসনের সংসদ-সদস্য নারায়ণ চন্দ্র চন্দ ২০১৪ সালের ২৫ জানুয়ারি থেকে ২০১৮ সালের ২ জানুয়ারি পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ২০১৮ সালের ২ জানুয়ারি থেকে ২০১৯ সালের ৭ জানুয়ারি পর্যন্ত মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া খুলনা-৩ আসনের সংসদ-সদস্য বেগম মুন্নুজান সুফিয়ান ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ থেকে ২০১৮ সালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সর্বশেষ একাদশ সংসদে তিনি পুনরায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন।

আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসন থেকে বর্তমান সংসদ-সদস্য নারায়ণ চন্দ্র চন্দসহ ১৫ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদের মধ্যে রয়েছেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ আকরাম হোসেন, খুলনা মহানগর সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ড. মাহাবুব উল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপ-কমিটির সদস্য প্রফেসর ডা. আব্দুল গণি মোল্লাহ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোয়ার্দার, কেন্দ্রীয় যুবলীগ সদস্য চৈতালী হালদার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র নাথ মন্ডল, সহ-সভাপতি বি এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকার, সদস্য মো. আজগর বিশ্বাস তারা, সাবেক সদস্য মোস্তফা সরোয়ার, ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতাপ কুমার রায়।

খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে বর্তমান সংসদ-সদস্য ও প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, মহানগর আওয়ামী লীগের সদস্য এবং সেনাবাহিনী প্রধানের বোন অধ্যাপক রুনু ইকবাল বিথার, নগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন হিটলু, দৌলতপুর থানা আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী ও প্রবাসী আওয়ামী লীগ নেতা শেখ বাদল আহমেদ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন বর্তমান সংসদ-সদস্য ও হুইপ পঞ্চানন বিশ্বাস, সাবেক সংসদ-সদস্য ননী গোপাল মন্ডল, কেন্দ্রীয় সদস্য ও সংরক্ষিত নারী এমপি অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, আওয়ামী লীগ নেতা বিনয় কৃষ্ণ রায়, নান্টু রায়, শ্রীমান্ত অধিকারী রাহুল, সনত কুমার বিশ্বাস, সাবেক সচিব প্রশান্ত কুমার রায় ও চালনা পৌর মেয়র অচিন্ত্য কুমার মন্ডল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে বর্তমান সংসদ-সদস্য আব্দুস সালাম মুর্শেদীসহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিজভী আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম খালিদীন রশিদী সুকর্ণ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, যুগ্ম-আহ্বায়ক মো. কামরুজ্জামান জামাল, নগর যুবলীগের সভাপতি মো. শফিকুর রহমান পলাশ, যুবলীগ নেতা মো. নুর আলম ও সাবেক এডিশনাল আইজিপি মারুফ আহমেদ মনোনয়নপত্র নিয়েছেন।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বর্তমান সংসদ-সদস্য মো. আখতারুজ্জামান বাবু, সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব আলী সানা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম, কয়রা আওয়ামী লীগ সভাপতি জিএম মহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ মনিরুল ইসলাম, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইকবাল মন্টু, আওয়ামী লীগের জেলা স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মুহাম্মদ শহীদুল্লাহ, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, সাবেক পাইকগাছা উপজেলা সভাপতি মো রাশিদুজ্জামান মোড়ল, জেলা নেতা মো. খাইরুল আলম, এসএম সাইফুল্লাহ আল মামুন ও যুবলীগ নেতা এসএম রাজু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এই বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেন, ঐতিহ্যবাহী দলে প্রত্যেক আসনেই একাধিক প্রার্থী হওয়া স্বাভাবিক। বর্তমান সংসদসদস্যসহ সব প্রার্থীর বিষয়ে মনিটরিং করা হয়েছে। দলের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে সবাই নির্বাচনের সময় কাজ করবে।