Home আঞ্চলিক সমিতির টাকা ফেরত পেতে ইউএনও’র বরাবর অভিযোগ

সমিতির টাকা ফেরত পেতে ইউএনও’র বরাবর অভিযোগ

47

গাজী আব্দুল আলিম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছার সরল বাজারস্থ জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যরা তাদের জমাকৃত টাকা ফেরত পেতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। গতকাল দুপুরে ৩ শতাধিক সদস্যের স্বাক্ষরিত অভিযোগ ইউএনও মুহাম্মদ আল-আমিন বরাবর প্রদান করা হয়।

এর আগে টাকা ফেরত পেতে শত শত ভুক্তভোগী সদস্যরা সমিতির কার্যালয় ঘেরাও ও ইউএনও’র কার্যালয়ে জড়ো হয়। বর্তমানে সমিতির নিকট প্রায় ১ হাজার গ্রাহকের ৫ কোটি টাকা পাওনা রয়েছে বলে অভিযোগ করেছেন সদস্যরা। জানা যায়, পৌরসভার সরল বাজারে অবস্থিত জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি তাদের গতিশীল কার্যক্রমে দ্রুত সময়ের মধ্যে এলাকার মানুষের নিকট জনপ্রিয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। ফলে এলাকার শ্রমজীবী, দিনমজুর ও ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতিতে তাদের কষ্টার্জিত অর্থ জমা রাখেন। অনেকেই সাধারণ সঞ্চয়, কেউ কেউ ডিপিএস আবার একটু সচ্ছল ব্যক্তিরা এফডিআর হিসেবে সমিতিতে মোটা অঙ্কের টাকা বিনিয়োগ কিংবা সঞ্চয় হিসেবে জমা রাখেন। ইতিমধ্যে বেশির ভাগ সদস্যের প্রকল্পের মেয়াদ শেষ হলেও তাদের টাকা ফেরত দিতে ব্যর্থ হয় সমিতির কর্তৃপক্ষ। ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সমিতি কর্তৃপক্ষ টাকা ফেরত দেয়া নিয়ে দীর্ঘদিন টালবাহানা করতে থাকলে কয়েকশ’ গ্রাহক ৮ই মে সমিতির কার্যালয় ঘেরাও করে।

এ সময় সমিতির নির্বাহী পরিচালক কাউন্সিলর আলাউদ্দীন গাজী ও সভাপতি মোহাম্মদ আলী গাজী গ্রাহকদের নিকট থেকে ৬ মাসের সময় নেয়। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা দিতে ব্যর্থ হওয়ায় পরবর্তীতে শত শত গ্রাহকরা ৯ই নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমবেত হয়ে টাকা ফেরত পেতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন। গতকাল লিখিত অভিযোগের মাধ্যমে টাকা ফেরত পাওয়ার জন্য ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী গ্রাহকরা।