খুলনাঞ্চল রিপোর্ট।।
পটুয়াখালী পৌর শহর থেকে মনিরুজ্জামান মুন্না (৪২) নামে একজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে একটি পিস্তল, একটি রিভলবার, একটি শটগান, ৪২ রাউন্ড গুলি ও লুট করা বেশ কিছু মালামাল জব্দ করার দাবি করেছে পুলিশ।
সোমবার (২০ নভেম্বর) রাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আরামবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারে কার্যালয়ে প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার সাইদুল ইসলাম।
পুলিশ সুপার জানান, রোববার (১৯ নভেম্বর) রাতে মুন্না আরামবাগ এলাকার কাস্টমস কর্মকর্তা এ কে এম কবির উদ্দিনের (৭২) ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার স্টিলের আলমারি ভেঙে লাইসেন্স করা পিস্তল ও শটগানসহ ঘরের বিপুল পরিমাণ মালামাল চুরি করে নিয়ে যায়। ঘটনার দিন কবির উদ্দীন তার স্ত্রীর চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছিলেন।
তিনি আরও জানান, এ ঘটনায় সোমবার পটুয়াখালী সদর থানায় একটি মামলা করা হয়েছে। তার অভিযোগের ভিত্তিতে পুলিশ রহস্য উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার রাতভর অভিযান চালিয়ে মনিরুজ্জামান মুন্নাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মালামাল উদ্ধার করে।
মনিরুজ্জামান মুন্না দীর্ঘদিন কাঠমিস্ত্রির পেশাসহ বিভিন্ন পেশায় জড়িত ছিলেন। বর্তমানে তিনি একটি প্রতিষ্ঠানে ডে গার্ড হিসেবে চাকরি করেন বলেও জানিয়েছেন পুলিশ সুপার।










































