Home খেলাধুলা মিলারের সেঞ্চুরিতে ২১২ রানে থামল প্রোটিয়ারা

মিলারের সেঞ্চুরিতে ২১২ রানে থামল প্রোটিয়ারা

37

 

স্পোর্টস ডেস্ক

ভারত বিশ্বকাপে শুরু থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলেছে দক্ষিণ আফ্রিকা। সেমিতে পা রাখতে খুব বেশি কষ্ট করতে হয়নি প্রোটিয়াদের। বলা হয়ে থাকে, প্রায় প্রতি টুর্নামেন্টেই ভালো খেলে তারা। কিন্তু শেষ পর্যন্ত সেমির গেরো কাটাতে পারে না আফ্রিকার এই দেশটি। তাই তাদের নামের পাশে ট্যাগ লেগে যায় ‘চোকার’ শব্দটি। কলকাতায় আজ চোকার অপবাদ ঘোচাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা।
তবে ফাইনালে ওঠার লড়াইয়ে চুপসে যায় চোকার্স খ্যাত দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিংয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত মিলারের সেঞ্চুরিতে ২১২ রানে থামে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মত ফাইনাল খেলতে এই রানের মধ্যেই অসিদের আটকাতে হবে রাবাদা-জানসেনদের।

মাত্র ২৪ রানে টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারায় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া শিবিরে প্রথম ধাক্কা লাগে অধিনায়ক বাভুমা ফিরলে। তিনি শূন্য করে ফিরে যান। এরপর ডি কক ১৪ বলে মাত্র ৩ রান করে সাজঘরে হাঁটা দেন। পরে এইডেন মার্করাম ১০ ও তিনে নামা রেসি ফন ডার ডুসন ৬ রান করে আউট হন।

এরপর ক্রিজে আসা ডেভিড মিলারকে নিয়ে দেখেশুনে ব্যাট করতে থাকেন হেনরিখ ক্লাসেন। ১৪তম ওভারে বৃষ্টির হানা দিলে ম্যাচ বন্ধ হয়। বৃষ্টি থামার পর মিলার ও ক্লাসেন মিলে বিপর্যয় সামাল দেন। ৯৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। দলীয় ১১৯ রানে ৪৮ বলে ৪৭ রান করে আউট হন ক্লাসেন। তার বিদায়ের পরই ফিরে যান মার্কো জানসেন। এরপর ক্রিজে আসা গেরাল্ড কোয়েটজে নিয়ে ৫২ রানের জুটি গড়েন মিলার। দলীয় ১৭২ রানে ৩৯ বলে ১৯ রানে আউট হন কোয়ের্টজে। এরপর ক্রিজে এসেই ফিরে যান কেশব মহারাজ।

একপ্রান্তে উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রেখে ১১৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মিলার। সেঞ্চুরি পূর্ণ করেই আউট হন তিনি। ১১৬ বলে ১০১ রান করেন মিলার। শেষ ব্যাটার হিসেবে কাগিসো রাবাদা আউট হলে ২ বল বাকী থাকতে ২১২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স।

দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, গেরাল্ড কোয়েটজে, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি।

অস্ট্রেলিয়ার একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিশেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংগলিস, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড।