ঢাকা অফিস।।
গত ১৪ নভেম্বর থেকে থেকে আজ বৃহস্পতিবার রাত ৭টা পর্যন্ত ১৬টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এসব ঘটনায় ১৮টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ফায়ার ফাইটাররা গিয়ে আগুন নেভায়।
বৃহস্পতিবার রাতে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, আগুনে ১৮টি যানবাহন পুড়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৫টি, ঢাকা বিভাগে (দোহার, টাঙ্গাইল) ২টি, বরিশাল বিভাগ (ঝালকাঠি) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর,বগুড়া, চাপাইনবাবগঞ্জ) ৫টি, চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম, চাঁদপুর) ২টি, সিলেট বিভাগে (সিলেট সদর) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা, ১টি ট্রেন পুড়ে যায়।
এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর ২৮ ইউনিট ও ১৫৩জন জনবল কাজ করে বলেও জানান তালহা বিন জসিম।
তিনি আরও বলেন, বুধবার সন্ধ্যা ৬টা (তফসিল ঘোষণার পর) থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ১১টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১২টি যানবাহন পুড়ে গেছে। তফসিল ঘোষণার পর থেকে ঢাকা সিটিতে আগুনের সংবাদ পায়নি ফায়ার সার্ভিস। তবে ঢাকা বিভাগে (দোহার, টাঙ্গাইল) ২টি, বরিশাল বিভাগ (ঝালকাঠি) ১টি, রাজশাহী বিভাগে (নাটোর,বগুড়া, চাপাইনবাবগঞ্জ) ৫টি, চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম, চাঁদপুর) ২টি, সিলেট বিভাগে (সিলেট সদর) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ২টি বাস, ২টি কাভার্ড ভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা, ১টি ট্রেন পুড়ে গেছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২১ ইউনিট ও ১১৬জন জনবল কাজ করেছে।











































