ঢাকা অফিস।।
দলীয় সরকারের অধীনে একতরফা তফসিল জনগণ মানে না ব্যানারে শুরু হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল রাজধানীর শান্তিনগর মোড়ে পুলিশি বাধায় শেষ হয়েছে। এর আগে বুধবার বিকাল সাড়ে ৩টায় বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়, কাকরাইল হয়ে শান্তিনগর চৌরাস্তা মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে গণমিছিলটি। এসময় সড়কের তিন দিক থেকে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেয় পুলিশ। মিছিলটি এসে দু’স্তরের নিরাপত্তার বেষ্টনীর প্রথম স্তর উপড়ে ফেললেও দ্বিতীয় বাধা অতিক্রম করতে পারেনি।
দলটির হাজার হাজার নেতাকর্মী জাতীয় ও দলীয় পতাকা নিয়ে মিছিলে অংশ নেন। এসময় তারা তফসিল ঘোষণা না করতে বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়াও সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত করেন তারা। মিছিলটি শান্তিনগরে পৌঁছলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধার সৃষ্টি করে। বিকাল ৪টা ৭ মিনিটে বাধা দেয়া পুলিশি ব্যারিকেডের উপরে দাঁড়িয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ করেন। পরবর্তীতে সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করেন।
এসময় দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, বৃহস্পতিবার জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করা হবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে রক্তের খেলায় মেতে উঠেছেন।
এর দায়-দায়িত্ব ইসিকে নিতে হবে। জনগণের আদালতে তাদের বিচার হবে। একতরফা নির্বাচন করতে চাইলে দেশে গৃহযুদ্ধ বাধবে।
এর আগে বায়তুল মোকাররম উত্তর গেইটে গণমিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, বর্তমান সরকারের আনুগত্য করে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করতে যাচ্ছে তা দেশের জনগণের সঙ্গে প্রহসন ছাড়া কিছুই নয়। আওয়ামী লীগের এই দলদাস ইসি’র অধীনে জনগণ দেশে আর কোনো নির্বাচন দেখতে চায় না।
তিনি বলেন, এই একতরফা তফসিলের কারণে সরকার নিজেই অন্ধকারে ডুবে মারা যাবে। আর সকল বিরোধী দলের দাবিকে উপেক্ষা করে নির্বাচন করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে মাঠে নামতে বাধ্য হবে। অতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। তাদের নেতৃত্বে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সরকারের পাতানো কোনো নির্বাচনে যাবে না। ক্ষমতাসীন সরকার উন্নয়নের কথা বলে পাতানো নির্বাচন করে জনগণকে ধোঁকা দিতে চায়। ইসলামী আন্দোলন শান্তি চায়, জ্বালাও-পোড়াও, বিশৃঙ্খলা, ভাঙচুর করে না এবং চায়ও না।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, প্রচার সম্পাদজ মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ বক্তব্য রাখেন।











































