Home জাতীয় সংলাপের আর কোনো সুযোগ নেই : কাদের

সংলাপের আর কোনো সুযোগ নেই : কাদের

115

ঢাকা অফিস
সংলাপের আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠি নিয়ে এসেছিলেন পিটার হাস। শুনেছি, এমন দু’টি চিঠি আরো দু’টি দলের কাছে দেয়া হয়েছে। তাদের একটি বিএনপি, আরেকটি জাতীয় পার্টি। এই চিঠিতে শর্তহীন রাজনৈতিক সংলাপের তাগিদ রয়েছে। তবে সংলাপের এখন আর সেই সুযোগ নেই।
গতকাল সচিবালয়ে ওবায়দুল কাদেরের সাথে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের তাগিদ সংক্রান্ত একটি চিঠি মন্ত্রীর হাতে তুলে দেন। ডোনাল্ড লুর চিঠির বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ডোনাল্ড লু একটি চিঠি আমার কাছে পাঠিয়েছেন। সেই চিঠি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস আমার কাছে পৌঁছে দিতে এসেছিলেন। চিঠি পেয়েছি। এখন দলের সভাপতি শেখ হাসিনার সাথে আলোচনা শেষে এ ব্যাপারে কথা বলতে পারব। তিনি আরো বলেন, এক পৃষ্ঠার একটি চিঠি আমি পড়েছি। তাতে লেখা আছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার বিষয়টি। মার্কিন যুক্তরাষ্ট্র কারো পক্ষে নয়।

ওবায়দুল কাদের বলেন, সামনে নির্বাচন, যেকোনো সময় তফসিল ঘোষণা হতে পারে। এখন আর সংলাপের সুযোগ নেই। বিএনপির সাথে সংলাপের চিন্তা আগে ছিল, সেই সময় চলে গেছে। ‘তাহলে কি সংলাপের সম্ভাবনা শেষ হয়ে গেল’ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের কোনো রাজনৈতিক দল যারা গণতন্ত্রকে বিশ্বাস করে, তারা সংলাপকে না করতে পারে না। যে কোনো সময় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে। ফলে এই সময়ের মধ্যে এখন আর বিএনপির সাথে সংলাপের কোনো সুযোগ নেই। সেই সময় নেই। আমরা যখন তাদের বলেছিলাম শর্ত ছাড়া সংলাপের জন্য। তারা তখন সেটিতে রাজি হয়নি। এখন তো আর সময় নেই।

বিএনপিকে ছাড়াই নির্বাচন হচ্ছে কি না- সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে সেতুমন্ত্রী বলেন, এটা বিএনপিকে জিজ্ঞেস করেন। তবে বর্তমান পরিস্থিতিতে এখন আর সংলাপের সুযোগ নেই বিএনপির সাথে। কারণ, সময় খুব কম। তফসিল হয়ে গেলে নির্বাচনের পথে হাঁটবে বাংলাদেশ। এর আগে বেলা ১১টার দিকে পিটার হাস সচিবালয়ে ওবায়দুল কাদেরের সাথে দেখা করতে আসেন। এ সময় তিনি নির্বাচন নিয়ে বিদ্যমান সঙ্কট নিরসনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে আওয়ামী লীগকে সংলাপের প্রস্তাব দিয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক চিঠি হস্তান্তর করেন।
বৈঠক শেষে গণমাধ্যমকে পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র কোনো দলের হয়ে কাজ করছে না। বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হোক, এটাই আমরা আশা করি। রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হোক, আমরা এটাই চাই। বৈঠকে সে প্রস্তাবই দেয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশে যে ভায়োলেন্স হচ্ছে, তা নিয়ে আমরা কনসার্ন। গেল কয়েক দিনে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার বিষয়ে যুক্তরাষ্ট্র নজর রাখছে বলেও জানান পিটার হাস।

তফসিলে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার আগামী জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ঘোষিত তফসিলে জনগণের ইচ্ছা ও প্রত্যাশা পূরণ হয়েছে। আর নির্বাচনের যে ট্রেন ছেড়ে গেল তা থামানোর ক্ষমতা বিএনপির নেই।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ১৭ নভেম্বর ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হবে। এদিন থেকেই বঙ্গবন্ধু এভিনিউ থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে। এ সময় সংলাপের সুযোগ নিয়ে ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড ল্যু আর সিইসির সংলাপের কথা এক নয়।