নিজস্ব প্রতিনিধি
শীত মৌসুমে কুষ্টিয়ার দৌলতপুর, মিরপুর ও ভেড়ামারা উপজেলায় হাঁটবাজারগুলোতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কালাইয়ের রুটি বিক্রির ধুম পড়েছে। খেতে সুস্বাদু, তাই কুষ্টিয়া অঞ্চলে এ কালাইয়ের রুটি খুবই জনপ্রিয়।
সুস্বাদু খাবার হিসেবে কলাই রুটি ভোজনরসিকদের কাছে বেশ জনপ্রিয়। মরিচ বাটা, পেঁয়াজ কুচি বা সরষের তেল দিয়ে বেগুন ভর্তার সঙ্গে গরম কালাই রুটি মানুষের কাছে একটি প্রিয় খাবার হিসেবে পরিচিত। শীতের আগমনে সুস্বাদু কালাই রুটির দোকান গড়ে উঠেছে কুষ্টিয়ার বিভিন্ন স্থানে। অস্থায়ীভাবে ফুটপাথের পাশে গড়ে উঠা এসব দোকানের বেচাবিক্রিও বেড়েছে বেশ। দূর-দূরান্ত থেকে মানুষ কালাই রুটি খেতে আসছেন ফুটপাথের এসব দোকানে।
সুস্বাদুকর কালাই রুটি মূল ভোক্তা শ্রমজীবী মানুষ, রিকশাওয়ালা, মুঠে মজুর, ক্ষুদে ব্যবসায়ী এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী এমন কি ভদ্রলোকরা সখের বসে খেতে দেখা যায়।
খোঁজ নিয়ে জেনেছি, প্রথমে মাষকালাই ও আতপ চাল পাটাতে বা জাঁতায় পিষে আটা বানানো হয়। মেশিনে তৈরি আটা দিয়ে কালাই রুটি বানানো গেলেও পাটায় পিষ্ট আটা দিয়ে কালাই রুটির স্বাদ বৃদ্ধি পায়। এর সঙ্গে স্বাদমতো লবণ ও প্রয়োজনীয় পরিমাণ পানি মিশিয়ে খামি তৈরি করা হয়। এর থেকে ছোট বল পরিমাণ আটা নিয়ে গোলাকার করা হয়।
পরে দুই হাতের তালুতে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে বড় রুটি বানানো হয়। সাধারণত গমের রুটির চেয়ে কালাই রুটি অধিক পুরু এবং বড় হয়। এরপর রুটি মাটির তাওয়ায় সেঁকে গরম করা হয়। রুটির রঙ বাদামি হয়ে গেলে নামিয়ে নেয়া হয়। কালাই রুটির সঙ্গে সাধারণত বেগুন ভর্তা, শুকনো মরিচ ভর্তা, বট, পেঁয়াজ ভর্তা, মাংস ভুনা প্রভৃতি দিয়ে পরিবেশন করা হয়। এসবের সঙ্গে রুটির টুকরো ছিঁড়ে গরম গরম খাওয়া হয়।
কুষ্টিয়া অঞ্চলের জনপ্রিয় কালাইয়ের রুটি বিক্রি করে অনেক নারীর জীবন জীবিকার জন্য নতুন দিগন্ত সৃষ্টি হয়েছে। তারা প্রতি সন্ধ্যা রাত থেকে গভীর রাত পর্যন্ত রুটি বিক্রি করে থাকেন।
নারী ব্যবসায়ী আমেনা খাতুন জানান, কালাইয়ের রুটি খেতে সবজি লাগে না, চিনি, গুড়, কিংবা মিষ্টি লাগে না, প্রয়োজন হয়না গোশতেরও। স্রেফ তেল, লবণ ও মরিচ আর পেঁয়াজ তৈরি ঝাল দিয়ে খেতে হয় কলাইয়ের রুটি। রুটি ব্যবসায়ীর থালা বাসনেরও প্রয়োজন হয় না। ক্রেতারা রুটি হাতের ওপর নিয়ে খেতে স্বাচ্ছন্দবোধ করেন। প্রতিদিন রাতে দুই থেকে তিন হাজার টাকা বিক্রি হয়। লাভও হয় ৬০০- ৭০০ টাকা।
রাস্তার ধারে ফুটপাতে সামান্য চাটাইয়ের ছাউনির নিচে তৈরি পর্দার আড়ালে ইটের ওপর কিংবা কাঠের পিঁড়ির ওপর বসে খাওয়ার ব্যবস্থা। কেউ কেউ খোলা আকাশের নিচে বসে রুটি বিক্রি করে চলেছেন। সুস্বাদুকর কলাই রুটি মূল ভোক্তা শ্রমজীবী মানুষ, রিকশাওয়ালা, মুঠে মজুর, ক্ষুদে ব্যবসায়ী এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী। ভদ্রলোকদেরও কম পছন্দ নয় কালাইয়ের রুটি। তবে তারা তো ফুটপাতে এসে বসতে পারে না। পিয়ন বা গার্ডদের মাধ্যমে কিনে নিয়ে গিয়ে তারা চেয়ার টেবিলে বসে আসর মাতিয়ে খান।
কালাইয়ের রুটি বানানোর কৌশল সম্পর্কে হাসিনা বানু ও রোকশানা বেগমের কাছে জানতে চাওয়া হলে তারা জানান, কালাই রুটির তৈরি করতে চাল ও গমের আটা মিশাতে হয়। পরিমাণ মতো লবণ ও পানি দিয়ে আটা মাখিয়ে তৈরি করা হচ্ছে আসল কাজ। মাখানো কাজটি যতো ভালো হবে রুটি হবে ততো ভালো ও সুস্বাদু। কালাইয়ের রুটি হয় আয়তনে বড় এবং বেশ পুরো। সে কারণে রুটি সেকার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ।
প্রতিদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত রুটি জমজমাট বিক্রি হয় ভেড়ামারা রেল স্টেশন, বাস স্ট্যান্ড, শহরের চার রাস্তা মোড়, রেলওয়ে উত্তর ও দক্ষিণ রেলগেট ও উপজেলা চত্বরে। প্রতি রুটি ৩০ টাকা। অডার দিলে ৪০ টাকা পিস বিক্রি করা হয়। এতে প্রতিদিন তাদের আয়ও হয় ভালো। তা দিয়ে দুস্থ ওই নারীদের স্বাচ্ছন্দে সংসার চলে।











































