মোঃ রেজাউর রহমান তনু কুষ্টিয়া ।।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের চর গোলাপনগর গ্রামের মোঃ আনোয়ার হোসেনের কন্যা মোছাঃ আন্না খাতুন রবিবার সকাল আনুমানিক ১০ ঘটিকায় বাড়ির পাশের পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায়।
প্রত্যক্ষদর্শীদের সূত্র অনুযায়ী সকাল ৯ঃ৩০ টার দিকে স্থানীয় তিন মেয়েকে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে যায় আন্না খাতুন। গোসল করতে নেমে হঠাৎ নদীর পানিতে ডুবে যায় আন্না খাতুন,পরবর্তীতে তাকে উদ্ধারে তার সঙ্গী মোছাঃ ফাতেমা খাতুন(১২) এগিয়ে যায় পরবর্তীতে সেও ডুবে যেতে লাগলে তাদের সাথে থাকা সাত বছরের ছোট মেয়ে ইতি স্থানীয়দের ডাকাডাকি শুরু করলে স্থানীয় খাদিজা খাতুন এবং পারুল বেগম গিয়ে তাদের উদ্ধার করে। পরবর্তীতে স্থানীয় ডাক্তার এসে আন্না খাতুন কে মৃত ঘোষণা করে।
আন্না খাতুন দামুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বাদ আসর জানাযার সময় স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং এলাকাবাসীরা শেষবারের মতো দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন, এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আন্না খাতুনের অকাল মৃত্যুতে দামুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা শোক প্রকাশ করেছেন। আন্না খাতুন কে বাদ আছর জানাজার নামাজ শেষে স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়। এ সময় স্কুলের শিক্ষার্থী শিক্ষক কর্মচারী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।











































