খেলা ডেস্ক।।
ক’দিন আগেই অষ্টম ব্যালন ডি’অর উঁচিয়ে ধরেছেন লিওনেল মেসি। এরপর মার্কিন ক্লাব ইন্টার মায়ামির ‘এমভিপি’ অ্যাওয়ার্ডও ঘরে তুলেছেন এলএমটেন। এবার আলবিসেলেস্তেদের ডেরায় ফিরেই খুশির বার্তা দিয়েছেন আর্জেন্টাইন লিটল ম্যাজিশিয়ান।
চলতি মাসেই ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো দেখতে যাচ্ছে ফুটবল প্রেমিরা। আবারো মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ২০২৬ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবেন মেসি-নেইমাররা। ম্যাচটিকে ঘিরে এরই মধ্যে উত্তেজনা শুরু হয়েছে দুই দলের সমর্থকদের মধ্যে। সেই সঙ্গে শুরু হয়েছে কথার লড়াইও।
আগামী ২২ নভেম্বর ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। ম্যাচটি বিশ্বকাপ বাছাইয়ে দুই দলের পঞ্চম ম্যাচ। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায়।
এই ম্যাচকে সামনে রেখে আগেই দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল। ম্যাচটিতে অংশ নিতে আমেরিকা থেকে দেশে ফিরেছেন লিওনেল মেসি।
নিজ দেশে ফিরেই ফেসবুকে একটি ছবি পোস্ট করেন এলএমটেন। মেসির ওই ছবির ব্যাকগ্রাউন্ডে বিশ্বকাপ উদযাপনের মুহূর্তের ছবি। যার ক্যাপশনে আর্জেন্টাইন অধিনায়ক লেখেন, ‘সবসময় ফিরে আসতে পেরে খুশি।’











































