Home খেলাধুলা বাংলাদেশকে সমীহ করছে অস্ট্রেলিয়া

বাংলাদেশকে সমীহ করছে অস্ট্রেলিয়া

42

খেলা ডেস্ক।।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের মিশনে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই লক্ষ্যে এরই মধ্যে সকারুদের দেশে পৌঁছে গেছেন জামাল ভূঁইয়ারা। সেখানে নিজেদের মানিয়ে নিতে কঠোর অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন লাল-সবুজের জার্সি প্রতিনিধিরা।

রোববার হোটেলে জিম আর রিকভারি সেশনে কাটিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। আর প্রথমবার মাঠে বল নিয়ে আজ অনুশীলন করেছেন হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

আন্তর্জাতিক ফুটবলে অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়া। ফিফা র‌্যাংকিংয়ে দেশটির অবস্থান ২৭। সেখানে বাংলাদেশ ১৮৩। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের দৌড় প্রথম ও দ্বিতীয় রাউন্ড পর্যন্তই। স্বাভাবিকভাবেই আন্ডারডগ হিসেবেই এ ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া শক্তিতে অনেক এগিয়ে থাকলেও দলটির অভিজ্ঞ ডিফেন্ডার আজিজ এরালতে বেহিচ নিজেদের ফেবারিট মনে করছেন না।

নিজ দেশের হেরাল্ড সানকে দেওয়া এক সাক্ষাৎকারে দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় বলেন ‘আমরা আন্ডারডগ নাকি ফেবারিট তা বিবেচনায় আনছি না। প্রতিপক্ষের র‌্যাংকিং কী, তাও বিবেচ্য নয়। র‌্যাংকিংয়ে নিচের হোক বা ওপরের- যে দেশের বিপক্ষেই খেলিনা কেন ম্যাচে কোনো পার্থক্য নেই। সব ম্যাচই আন্তর্জাতিক, সেটাই বড় বিষয়। আমরা জানি মাঠে কী করতে হবে এবং আমরা নিজেদের কাছ থেকে কী আশা করি। আমরা প্রতিটি ম্যাচেই আরো ভালো করতে চাই।’

অস্ট্রেলিয়া জাতীয় দলে ৫৫ ম্যাচ খেলা মেলবোর্ন সিটির এই লেফটব্যাংক প্রত্যাশা করছেন, দেশকে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ভালো একটা সূচনা এনে দেওয়ার।

আজিজ বলেন, ‘এই কোচ দায়িত্ব নেয়ার পরই আমাদেরকে একটা লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। আমরা সেভাবেই অনুশীলন করি। আমাদের জন্য ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের মিশনটাও আলাদা হবে না। আমরা আশা করছি, বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারবো এবং সেটাই আমাদের একমাত্র লক্ষ্য।’

আগামী ১৬ নভেম্বর মেলবোর্নের রেকটাঙ্গুলার স্টেডিয়ামে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল।