Home খেলাধুলা আরও অপেক্ষা বাড়লো রুবেল-দিয়ার

আরও অপেক্ষা বাড়লো রুবেল-দিয়ার

35

স্পোর্টস রিপোর্টার

এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের পর কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপেও ব্যর্থ বাংলাদেশের আরচাররা। কাছাকাছি গিয়েও প্যারিস অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছেন দিয়া সিদ্দিকী ও হাকিম আহমেদ রুবেল। থাইল্যান্ডের ব্যাংককে গতকাল ছিল কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালের লড়াই। জিতলে সেমিফাইনালে যেতে পারতেন। সেই সঙ্গে প্যারিস অলিম্পিকের কোটাও পেতে পারতেন দু’জনে। কিন্তু তার আগেই মুখ থুবড়ে পড়েছেন তারা। রুবেল কোয়ার্টারে হংকংয়ের ইয়ন চাইয়ের সঙ্গে দুর্দান্ত লড়াই করলেও শুটঅফে হেরে বিদায় নেন। মূল খেলায় ৫-৫ সেটে সমতা ছিল। শুট অফে রুবেলের তীর বোর্ডে ৯ স্পর্শ করে। প্রতিপক্ষের তীর দশের নিকটবর্তী হওয়ায় বাংলাদেশের রুবেল কোয়ার্টার থেকে বিদায় নেন।

প্রথম সেটে রুবেল ২৪-২৬ পয়েন্টে হারেন। পরের সেটে রুবেল ফিরে আসেন ২৯-২৬ পয়েন্টে জিতে। তৃতীয় সেট ২৭-২৭ এ ড্র হয়। চতুর্থ সেটে রুবেল বাজে খেলে ২৩-২৭ পয়েন্টে হারেন। ম্যাচটিকে টাইব্রেকে নিতে হলে রুবেলের পঞ্চম ও শেষ সেটে জয়ের বিকল্প ছিল না। শেষ সেটে রুবেল ২৯-২৮ পয়েন্টে জিতে ৫-৫ সেট পয়েন্টে সমতা আনেন।
টাইব্রেকে অবশ্য আর পারেননি রুবেল। একই দশা হয়েছে দিয়া সিদ্দিকীরও। রিকার্ভ নারী একক ইভেন্টে মালয়েশিয়ার প্রতিপক্ষ ডানিয়ার সঙ্গে দিয়া চার সেট পর্যন্ত ৪-৪ সমতা রেখেছিলেন। ম্যাচ নির্ধারণী পঞ্চম সেটে দিয়া এক পয়েন্টের ব্যবধানে হেরে বিদায় নেন। প্রথম সেটে দিয়া ২৩-২৭ পয়েন্টে হারেন। দ্বিতীয় সেটে ২৭-২৫ পয়েন্টে জিতে খেলায় ফেরেন। তৃতীয় সেটে আবার মালয়েশিয়ার ডানিয়া জিতে ৪-২ সেট পয়েন্টে এগিয়ে যান। চতুর্থ সেটে ২৮-২৭ পয়েন্টে দিয়া জিতে ৪-৪ সমতা করেন। শেষ সেটে দিয়ার তিন তীরে ২৭ আর মালয়েশিয়ার ডানিয়া ২৮ স্কোর করলে ৪-৬ সেট পয়েন্টে হারে বাংলাদেশের অন্যতম সেরা আরচার। ফলে অলিম্পিকে খেলার জন্য অপেক্ষা বাড়লো তাদের। আগামী বছর আরেকটি অলিম্পিক বাছাই খেলার সুযোগ পাবেন বাংলাদেশের আরচাররা। ওই টুর্নামেন্ট থেকে সরাসরি অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলে ওয়াইল্ড কার্ডের জন্য অপেক্ষা করতে হবে লাল-সবুজের আরচারদের।