Home খেলাধুলা যেভাবে সেমিফাইনালের স্বপ্ন ভাঙলো পাকিস্তানের

যেভাবে সেমিফাইনালের স্বপ্ন ভাঙলো পাকিস্তানের

36

স্পোর্টস ডেস্ক

সমীকরণটা আগে থেকে অসম্ভবই ছিল। তবে কাগজে-কলমে একটু হলেও আশা ছিল পাকিস্তানের। তবে সেক্ষেত্রে অবশ্যই টস জিতে আগে ব্যাটিং করতে হতো। কিন্তু গতকাল ইংল্যান্ড টস জেতায় পাকিস্তানের চলতি বিশ্বকাপ থেকে বিদায় তখনই অনেকটা নিশ্চিত হয়ে যায়। এদিন আগে ব্যাটিং করে ৩৩৭ রান করে ইংল্যান্ড। সমীকরণ অনুযায়ী সেমিফাইনালে উঠতে পাকিস্তানকে এই লক্ষ্য টপকাতে হতো ৬.৪ ওভারে। কিন্তু সেটা বাস্তবিক অর্থে সম্ভব ছিল না। আর পাকিস্তান তা পারেওনি। এ কারণে কার্যত ব্যাটিংয়ে নামার আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাবর আজমের দল।

পাকিস্তানের সেমিফাইনালে উঠতে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার জয় প্রয়োজন ছিল। কিন্তু ওই ম্যাচে লঙ্কানদের অনেক বড় ব্যবধানে হারিয়ে জয়ের সঙ্গে রান রেটও বাড়িয়ে নেয় কিউইরা।

ওই ম্যাচ শেষ হতেই পাকিস্তানের সেমির স্বপ্ন ফিকে হতে শুরু করে। ১০ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ডের নেট রানরেট বেড়ে দাঁড়ায় ০.৭৪৩। অন্যদিকে ৮ পয়েন্ট পাওয়া পাকিস্তানের নেট রান রেট ০.০৩৬। ফলে কিউইদের নেট রান রেট ছাড়াতে পাকিস্তানের বড় জয় ছাড়া অন্য কোনো উপায় ছিল না। তবে যে ব্যবধানে জিততে হতো গতকাল ইংল্যান্ড ব্যাটিংয়ে নামার পরই অসম্ভবে পরিণত হয়।
তবে পাকিস্তানের জন্য দ্রুত ম্যাচটি নিয়মরক্ষার ম্যাচে পরিণত হলেও ইংল্যান্ডের জন্য শেষ পর্যন্ত গুরুত্ব বহন করেছে। কারণ ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি খেলতে হলে চলতি বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে আটে থাকতে হবে। এই ম্যাচ জিতলে কোনো সমীকরণ মেলানো ছাড়া চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিশ্চিত করবে ইংলিশরা। আর হারলে তাকিয়ে থাকতে হবে আজকের ভারত-নেদারল্যান্ডস ম্যাচের দিকে। ইংল্যান্ড পাকিস্তানের বিপক্ষে হারলে আর নেদারল্যান্ডসকে ভারতকে হারালে ডাচরাই চ্যাম্পিয়নস ট্রফি খেলার সুযোগ পাবে।

গতকাল টস জিতে ব্যাটিংয়ে নেমে জনি বেয়ারস্টো ও ডেভিড মালানের উদ্বোধনী জুটিতে আসে ৮১ বলে ৮২ রান। মাঠে নামার আগে অবসরের ইঙ্গিত দেওয়া মালান করেন ৩৯ বলে ৩১ রান। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টেকেননি বেয়ারস্টোও। হারিস রউফের বলে আউট হওয়ার আগে তিনি করেন ৬১ বলে ৫৯ রান। এরপর বেন স্টোকস ও জো রুট মিলে গড়েন ১৩২ রানের জুটি। রুটের ব্যাট থেকে আসে ৬০ রান। আগের ম্যাচে সেঞ্চুরি করা স্টোকসের সামনে এদিনও তিন অঙ্কের ঘরে পৌঁছানোর সুযোগ ছিল। কিন্তু ৭৬ বলে ৮৪ রান করে আউট হলে সেই সুযোগ হাতছাড়া হয়। শেষ দিকে হ্যারি ব্রুকের ৩০ ও অধিনায়ক জস বাটলারের ২৭ রানের ক্যামিওতের বড় সংগ্রহ পায় ইংলিশরা।