Home খেলাধুলা প্রশান্তির ব্যাটিংয়েও ‘রান আউট’ আক্ষেপ

প্রশান্তির ব্যাটিংয়েও ‘রান আউট’ আক্ষেপ

46

স্পোর্টস রিপোর্টার।।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে। মুম্বই-পুনে হাইওয়ের পাশে এক গ্রামের ভেতরে। যেখানে পৌঁছাতে মূল সড়ক থেকেও ৫ কিলোমিটার হাঁটতে হয়। এমন মাঠে বাংলাদেশ দল দর্শক পাবে কোথায়? তাও তাদের নিজেদের শেষ ম্যাচে! কিন্তু সকালে স্টেডিয়ামে পৌঁছাতে পৌঁছাতে ধারণা ভুল প্রমাণ হলো। লাইন ধরে মাঠে প্রবেশের অপেক্ষায় দর্শকরা। যেখানে প্রায় সবার গায়ে অস্ট্রেলিয়া আর ভারতের জার্সি। অবশ্য আকাশি-হলুদের ভিড়েও উঁকি দিচ্ছিলো লাল-সবুজের ভালোবাসা। কেউ জার্সি পরে আবার কেউ পতাকা হাতে। তাদের মনে আশা একটাই চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করবে টাইগাররা। শুধু তাই নয়, নিজেদের শেষ ম্যাচে হারিয়ে দেবে অস্ট্রেলিয়াকেও।

বলতে পারেন অসম্ভব ভাবনা। তবে ক্রিকেট বলে কথা। টসে হেরে ব্যাট করতে নেমে টাইগাররা মাঠে আসা শ’খানেক ভক্তের কন্ঠের জোরটা বাড়িয়ে দিলেন। অজিদের বিপক্ষে যেন তারা খুঁজে পেলেন নিজেদের। স্কোর বোর্ডে শেষ পর্যন্ত ৩০৬ রান তাও ৮ উইকেট হারিয়ে। এমনটাই তো চেয়েছিলেন টাইগার ক্রিকেটপ্রেমীরা। শেষবেলা এসে দলের এমন জ¦লে ওঠায় যেন পূর্ণতাই খুঁজে পেলেন। সুদূর যুক্তরাষ্ট্র থেকে আসা মিনহাজ যেন আবেগটাই ধরে রাখতে পারছিলেন না। দৈনিক মানজমিনকে বলেন, ‘এমন ব্যাটিংটাই তো দেখতে চেয়েছিলাম। এতদূরে পুনেতে খেলা দেখতে এসে ভেবেছি অস্ট্রেলিয়ার সঙ্গে অন্তত চ্যাম্পিয়নস ট্রফির সমীকরণটা মিলিয়ে ফেলুক। তার জন্য বড় স্কোর ছাড়া সম্ভব ছিল না। ৩০৬ করেছে, আরো বড় হতে পারতো। যদি না শান্ত আর মাহমুদউল্লাহ এই ভাবে রানআউট হতেন!’
মিনহাজের সঙ্গে পুনের মাঠে যুক্ত হয়েছেন ঢাকা থেকে তার দুই কাজিন, লিংকন ও রাকিন। একজন চিকিৎসক আরেকজন ইঞ্জিনিয়ার। সবাই ভারতে এসেছেন চাকরি থেকে ছুটি নিয়ে। টানা ছয় ম্যাচ হারের পরও তারা দিল্লি ও পুনেতে এসেছেন অন্তত এই আশা নিয়ে যে দারুণ কিছু উপহার দিবে টাইগাররা। লিংকন বলেন, ‘আমি একজন চিকিৎসক। সরকারি চাকরি করি। আমরা আগেই পরিকল্পনা করেছিলাম শেষ ম্যাচগুলো দেখবো। টানা ৬ ম্যাচ যখন হেরে যায় তারপরও আমরা আমাদের পরিকল্পনা পরিবর্তন করিনি। কারণ একটাই বিশ্বাস ছিল, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। হারুক-জিতুক লড়াই করবে, দল হিসেবে খেলবে, যেমনটা আজ ব্যাটিংয়ে দেখলাম। সবাই চেষ্টা করেছে রান করার। নয়তো ৩’শ হতো না।’

হ্যাঁ, গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের অন্যতম শক্তিছিল দলীয় অবদান। যে কারণে আসরে তাদের সর্বোচ্চ ইনিংসটি করতে পেরেছে বাংলাদেশ। টসে হেরেও ব্যাট করতে নেমে তাওহীদ হৃদয়ের ফিফটি, ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৪৫, দুই ওপেনার তানজিদ হাসান ও লিটন দাসের ৩৬ রানের ইনিংস দুটি যে দলীয় সামর্থেরই প্রমাণ। বিশেষ করে ব্যাট হাতে নেমে বাংলাদেশকে দারুন সূচনা এনে দেন দুই ওপেনার তানজিদ ও লিটন। পাওয়ার প্লেতে ৬২ রান তোলেন তারা। এবারের বিশ্বকাপে এই নিয়ে দ্বিতীয় ফিফটির ওপেনিং জুটি পেল টাইগাররা। এর আগে এই পুনেতেই ভারতের বিপক্ষে ৯৩ রান তুলেছিলেন তানজিদ ও লিটন। ১২তম ওভারে পেসার শন অ্যাবটের বাউন্সার সামলাতে না পেরে বোলারকেই ক্যাচ দিয়ে আউট হন ৬টি চারে ৩৪ বলে ৩৬ রান করা তানজিদ। দলীয় ৭৬ রানে তার আউটের পর অধিনায়ক শান্তকে নিয়ে দলের রান ১৬তম ওভারে ১’শ পার করেন লিটন। ১৫তম ওভারে স্পিনার অ্যাডাম জাম্পার বলে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের হাতে ব্যক্তিগত ৩৪ রানে জীবন পান লিটন। তবে জীবন পেয়ে বেশি দূর যেতে পারেননি তিনি। সেই জাম্পার বলে লং অনে মার্নাস লাবুশেনকে ক্যাচ দিয়ে বিদায় নেন ৫টি চারে ৪৫ বলে ৩৬ রান করা লিটন।

তার বিদায়ে ক্রিজে শান্তর সঙ্গী হন তাওহিদ হৃদয়। উইকেটে সেট হয়ে দলের বড় স্কোরের ভিত গড়তে থাকেন শান্ত ও হৃদয়। হাফ-সেঞ্চুরির কাছে পৌঁছেও যান শান্ত। কিন্তু দুর্ভাগ্য শান্তর। দ্বিতীয় রান নিতে গিয়ে লাবুশেনের দারুণ ফিল্ডিংয়ে রান আউট হন তিনি। শান্তর ব্যাট থেকে ৬টি বাউন্ডারিতে ৫৭ বলে ৪৫ রান। তৃতীয় উইকেট জুটিতে দলকে ৬৬ বলে ৬৩ রান উপহার দেন শান্ত-হৃদয়।
এরপর মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম ও মেহেদি হাসান মিরাজকে নিয়ে বড় জুটির চেষ্টা করেন হৃদয়। কিন্তু কোন জুটিই হাফ-সেঞ্চুরির গন্ডি পার করতে পারেনি। চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ সঙ্গে ৪৮ বলে ৪৪ রানের জুটিতে ৩২তম ওভারে ২’শ রান পেয়ে যায় বাংলাদেশ। আক্রমণাত্মক মেজাজে থাকা মাহমুদউল্লাহ ৩টি ছক্কাও আদায় করে নেন। কিন্তু আবারও লাবুশেনের দারুণ ফিল্ডিংয়ে শেষ হয় তার ২৮ বলে ৩২ রানের ইনিংস। পঞ্চম উইকেটে মুশফিকের সঙ্গে ৩৯ বলে ৩৭ রানের জুটি গড়ার পথে ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটির দেখা পান হৃদয়। আসরে এটি তার প্রথম ফিফটিও। দলের রান আড়াইশ পার করে আউট হন মুশফিক। জাম্পার বলে মিড উইকেটে কামিন্সকে ক্যাচ দেয়ার আগে ১টি ছক্কায় ২৪ বলে ২১ রান করেন তিনি। তার ফেরার পর রানের চাকা সচল রাখেন হৃদয়। নিজের ইনিংসটাও বড় করছিলেন তিনি। কিন্তু ৪৭তম ওভারে পেসার মার্কাস স্টয়নিসের বলে মিড উইকেটে লাবুশেনকে ক্যাচ দিয়ে ফিরেন ৫টি চার ও ২টি ছক্কায় ৭৯ বলে ৭৪ রান করা হৃদয়। এরপর দল আর বেশি দূর যেতে পারেনি। মেহেদি হাসান মিরাজের ২০ বলে ৪টি বাউন্ডারিতে ২৯ রানের সুবাদে ৩শ রানের কোটা পার করে বাংলাদেশ। ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৬ রানের সংগ্রহ পায় টাইগাররা। এবারের বিশ্বকাপে প্রথমবারের মত ৩শ রানের কোটা পার করলো বাংলাদেশ।