ঢাকা অফিস।।
রাজধানীর ফকিরাপুলে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে চলাকালে কনস্টেবল পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার মূল আসামি আপন আহম্মেদকে গ্রেফতার করেছে পুলিশ
গ্রেফতারকৃত আপন আহম্মেদ ঢাকার কেরাণীগঞ্জের শান্তিনগর ব্রাহ্মণকীর্তা এলাকার মো. দ্বীন ইসলামের ছেলে। বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ সদস্য হত্যার মূল আসামি আপন আহম্মেদকে গ্রেফতার করা হয়েছে। কলাগাছিয়া ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ সদস্য পারভেজ হত্যার মূল আসামি আপনক শনাক্ত করা হয়েছে। ঘটনার পর তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া এলাকায় পরকীয়া প্রেমিকার বাড়িতে আত্মগোপন করেন। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে।











































