Home খেলাধুলা ভারতের কাছে চরম লজ্জার হার শ্রীলঙ্কায়

ভারতের কাছে চরম লজ্জার হার শ্রীলঙ্কায়

50

খেলা ডেস্ক।।

এশিয়া কাপের ফাইনালে ৫০ রানে অলআউট হয়ে ভারতের কাছে ১০ উইকেটে হেরেছিল শ্রীলঙ্কা। ওই ফাইনাল থেকে ঘুরে দাঁড়ানোর প্রেরণা নিতে বলেছিলেন শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড। তার শিষ্যরা ওই ম্যাচ অনুসরণ করলেন।

এবার তারা আইসিসির পূর্ণাঙ্গ সদস্য হিসেবে বিশ্বকাপে সবচেয়ে কম ৫৫ রানে অলআউটের চরম লজ্জায় ডুবেছে। মুক্তি দিয়েছে বাংলাদেশকে (৫৮ রানে অলআউট)। এশিয়া কাপের ফাইনালের সঙ্গে এই ম্যাচের অমিল হলো- শুরুতে ভারত ব্যাট করে ৩৫৭ রান তোলে। এবার তাই উইকেটে নয় রোহিত শর্মার দল জিতেছে ৩০২ রানের রেকর্ড ব্যবধানে।

টস হেরে ব্যাট করতে নেমে ভারত শুরুতে উইকেট হারায়। অধিনায়ক রোহিত ৪ রান করে ফিরে যান। এরপর শুভমান গিল ও বিরাট কোহলি ১৮৯ রানের জুটি গড়েন। দু’জন একটু পরপর সেঞ্চুরি মিস করে আউট হন।

গিল ৯২ বলে খেলেন ৯২ রানের ইনিংস। ১১টি চার ও দুটি ছক্কা মারেন তিনি। বিরাট ৯৪ বলে ৮৮ রান করে আউট হন। তার ব্যাট থেকে আসে ১১টি চারের শট। এছাড়া চারে নামা শ্রেয়াস আয়ার ৫৬ বলে ৮২ রান করে আউট হন। ছয়টি ছক্কা ও তিন চারের শটে ওই রান করেন তিনি।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কা ১৯.৪ ওভারে অলআউট হয়েছে। দুই ওপেনার পাথুন নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে গোল্ডেন ডাক মারেন। তিনে নামা কুশল মেন্ডিস ১ রান করে আউট হন। পরে ডাক মেরেছেন সাদিরা সামারাবিক্রমা, দুশান হেমন্ত ও দুশমন্ত চামিরা। দলটির হয়ে সর্বোচ্চ ১৪ রান করেছেন কাশুন রাজিথা। এছাড়া ম্যাথুস ও মহেশ থিকসানা ১২ করে রান যোগ করেন।

ভারতের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। বিশ্বকাপে তিন ম্যাচে এটি তার দ্বিতীয় ফাইফার। এছাড়া ভারতের হয়ে পেসারদের মধ্যে সর্বাধিক চারটি ফাইফার ও বিশ্বকাপে দেশের হয়ে জহির খানকে ছাড়িয়ে সর্বোচ্চ ৪৫ উইকেট নিয়েছেন। এছাড়া পেসার সিরাজ নিয়েছেন ৩ উইকেট।