খেলা ডেস্ক।।
খেলার মাঠে আগেও মৃত্যু দেখেছে বিশ্ব। কিন্তু রক্তের ধারা বয়ে যাওয়ার এমন বীভৎস দৃশ্য হয়তো নতুনই। নটিংহ্যাম প্যান্থার্সের হয়ে খেলতে নেমে মারা গেছেন অ্যাডাম জনসন। স্কেটের ব্লেডে ঘাড় কেটে মারা গেছেন ২৯ বছর বয়সী এই আইস হকি খেলোয়াড়।
গত শনিবার নটিংহ্যাম বনাম শেফিল্ড স্টিলার্সের ম্যাচ চলছিল। তবে ম্যাচের ৩৫তম মিনিটের মাথায় বন্ধ হয়ে যায় ম্যাচ। বরসের ওপর স্কেটের ব্লেডে জনসনের ঘাড় কেটে যায়। সঙ্গে সঙ্গেই চিকিৎসকেরা ছুটে আসেন। বাকি খেলোয়াড়েরাও তাকে ঘিরে ফেলেন। এ দৃশ্য এতটাই ভয়ঙ্কর ছিল যে, দর্শকদের চোখের আড়ালে তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।
ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, আমাদের দল ওর (জনসন) অভাব অনুভব করবে। জনসনকে ভোলা যাবে না। ৪৭তম জার্সি পরে খেলত ও (জনসন)। শুধু ভালো খেলোয়াড় নয়, ভালো মানুষও ছিল। জনসনের পরিবারকে সমবেদনা জানাই। ওর কাছের মানুষদের সবার জন্যই কঠিন সময়। জনসনের এই ঘটনায় আমরা স্তম্ভিত।
এদিকে আগামী বছরে বিয়ের পরিকল্পনা ছিল জনসনের। এরই মধ্যে মর্মান্তিক দুর্ঘটনায় মারা গেলেন তিনি। তার মৃত্যুতে শোকাহত তার প্রেমিকা রায়ান উলফও।
এমন মৃত্যু মেনে নিতে পারছেন না উলফ। শোকে তিনি স্তব্ধ হয়ে গেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে জনসনের সঙ্গে নিজের একাধিক ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লেখেন, আমার মিষ্টি দেবদূত। আমি চিরকাল তোমার অভাব অনুভব করবো। আর সারাজীবন তোমাকে ভালোবেসে যাবো।









































