বিনোদন প্রতিবেদক।।
বিরতির পর ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমা দিয়ে অভিনয়ে ফেরেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে কাজও করেছিলেন তিনি। তবে শুটিং শুরুর একদিন পরই জানা গেল, সিনেমাটিতে কাজ করবেন না অগ্নি কন্যা’খ্যাত এই অভিনেত্রী। এমন খবরে বিস্মিত হয়েছিলেন নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকও।
সেসময় তিনি জানান, মাহি কেন অভিনয় করবেন না, তা তার জানা নেই। তবে বিষয়টি নিয়ে মাহির সঙ্গে খুব শিগগিরই বসছের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা। তার ধারণা, একটা ভুল বোঝাবুঝিতে এমনটা হয়েছে। এই সিনেমার নায়ক ও প্রযোজক মুন্না এক সাক্ষাৎকারে বলেছেন, তার ইচ্ছা ছিল ‘ডার্ক ওয়ার্ল্ড’-এ পরীমনিকে নেওয়ার। হয়তো এ বিষয়টি মাহির ইগোতে লেগেছে!
অবশেষে বিষয়টি নিয়ে কথা বললেন মাহিয়া মাহি। তার ভাষ্য, ‘আমি জানতাম না যে, আরেকজন নায়িকা না পেয়ে তিনি আমাকে নিয়েছেন। এমনটা হতেই পারে। এটা দোষের কিছু নয়। কিন্তু প্রযোজক যে ভঙ্গিতে কথাটি গণমাধ্যমে বলেছেন, তা আমার ভালো লাগেনি। আমাকে একজন ছোটখাটো নায়িকা হিসেবে বিবেচনা করেছেন প্রযোজক। যা দেখার পর খুবই বিরক্ত বোধ করেছি আমি। বিষয়টি আমার কাছে অপমানজনক মনে হয়েছে।’
মাহি জানান, সিনেমাতে কাজের জন্য নেওয়া পারিশ্রমিকের ৯ লাখ টাকাও ফেরত দিয়েছেন তিনি। একদিন শুটিং করেই নির্মাতাকে জানিয়েছেন, সিনেমাটি তিনি আর করবেন না। পরিচালক বারবার যোগাযোগ করলেও নিজ সিদ্ধান্তে অটল ছিলেন মাহি।
এদিকে, এক সাক্ষাৎকারে এর প্রযোজক ও নায়ক মুন্না বলেছেন, ‘মানুষের স্বপ্ন অনেক বড় হয়। কিন্তু সেই স্বপ্ন তো সব সময় পূরণ হয় না। সিনেমাটি পরীমণিকে নিয়ে করার কথা ছিল। তাকে নিয়েই করতে চেয়েছিলাম। কিন্তু সে রাজি হননি। পরে মাহি রাজি হলে তাকে নিয়েছি। কিছু করার ছিল না।’
প্রযোজকের এমন মন্তব্যের জবাবও দেন মাহি। তার কথায়, ‘গণমাধ্যমে তার এভাবে কথা বলা যথোপযুক্ত মনে হয়নি আমার কাছে। আমাকে ছোট করা হয়েছে। আমার কাছে বিষয়টি মনে হয়েছে, অন্যের ছেড়ে দেওয়া সিনেমাই আমি করি। তবে পরীমণির জন্য রাগ করিনি। ওর সঙ্গে ব্যক্তিগত দ্বন্দ্ব নেই আমার। আমাদের মধ্যে ভালো সম্পর্ক।’











































