অনলাইন ডেস্ক।।
বাতাসে হালকা হিমের পরশ পাওয়া যাচ্ছে। শীতের হালকা আমেজে অনেকেরই হাত-পায়ে টান ধরছে। এ সময় ত্বকে আর্দ্রতা বজায় রাখতে নিয়মিত মশ্চারাইজার করা জরুরি। অনেকেই ত্বকে আর্দ্রতা ধরে রাখতে এ সময় দামি প্রসাধনী ব্যবহার করেন। সবসময় দোকান থেকে কেনা প্রসাধনী ব্যবহার না করে বাড়িতেই তৈরি করতে পারেন ময়শ্চরাইজার।
অনেকেরই হয়তো জানা নেই, একটা পাকা কলা দিয়ে ময়শ্চরাইজার বানানো যায়। এজন্য একটা পাকা কলা চটকে তাতে দুই টেবিল চামচ মধু মিশিয়ে একটা পেস্ট তেরি করুন। সেটা মুখে লাগিয়ে ২৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটা যেমন ত্বককে ইনফেকশন বা অ্যালার্জির হাত থেকে বাঁচাবে তেমনই ময়েশ্চারাইজ করবে।
একটা পাকা কলা চটকে নিন, তাতে কয়েক চামচ ফ্রেশ ক্রিম দিন। এরপর এটাকে মিশিয়ে মুখে লাগিয়ে বিশ মিনিট রাখুন। তারপর মুখ ধুয়ে নিন। এতে ত্বকে ময়েশ্চারাইজ হবে।
নিয়মিত দুধ খাওয়া ছাড়াও দুধ দিয়ে তৈরি করা যায় ময়েশ্চারাইজার। দুধের সঙ্গে চন্দনের গুঁড়া কিংবা মুলতানি মাটির সঙ্গে দুধ মিশিয়ে মাখলেও ত্বক প্রাণ ফিরে পাবে।
শীতের শুষ্কতা থেকে ত্বককে দূরে রাখতে মাখন দারুণ কাজ করে। রাতে শোয়ার আগে কিছু পরিমাণ মাখন মুখে ও গলায় লাগিয়ে নিন। হাতেও লাগাতে পারেন। সকালে ঘুম থেকে উঠে উষ্ণ গরম পানিতে ভালো করে মুখ ধুয়ে ফেলুন।
অ্যালোভেরা ভিতর থেকে জেল বার করে ভালো করে ত্বকে মাসাজ করুন। শুষ্ক ত্বকের ক্ষেত্রে অ্যালোভেরার সঙ্গে পানি মিশিয়ে গরম করে নিন, এবার তা ঠান্ডা করে ত্বকে সরাসরি লাগিয়ে নিতে পারেন। এর সঙ্গে সামান্য মধু মিশিয়েও ব্যবহার করতে পারেন।
অয়েলি স্কিনের জন্য শশা খুব কাজের। শশার রসে তুলো ভিজিয়ে নিয়মিত মুখ পরিষ্কার করুন। ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে শশা খুব কাজে দেয়।











































