Home খেলাধুলা বিশ্বকাপ ইতিহাসে প্রথম ঘটল এমন ঘটনা

বিশ্বকাপ ইতিহাসে প্রথম ঘটল এমন ঘটনা

11

স্পোর্টস ডেস্ক।।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৭০ রানের পুঁজি নিয়ে ফিল্ডিংয়ে নেমেছিল পাকিস্তান। কিন্তু ফিল্ডিংয়ে নামার সাথে সাথেই দুঃসংবাদ পান বাবর আজমরা। ইনিংসের প্রথম ওভারেই চোট পান দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার শাদাব খান। এরপরই তার বদলি হিসেবে মাঠে নামেন লেগ স্পিনার উসামা মীর। ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে তিনিই প্রথম ক্রিকেটার, যিনি কনকাশন সাব হিসেবে মাঠে নামেন।

ইফতিখার আহমেদের করা প্রথম ওভারের দ্বিতীয় বল মেরে রানের জন্য দৌড়ান টেম্বা বাভুমা। দ্রুত বল তুলে নিয়ে থ্রো করার চেষ্টা করেন শাদাব। কিন্তু থ্রো করার সাথে সাথেই মাঠে পড়ে যান তিনি। তার মাথা গিয়ে আঘাত করে মাটিতে। মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্ট্রেচার মাঠে এলেও শেষ পর্যন্ত হেঁটেই মাঠ ছাড়েন এই অলরাউন্ডার।

পরবর্তীতে অনেক চেষ্টা করেও মাঠে নামতে ব্যর্থ হন শাদাব। পরে তাকে ইনজুরড বলে ঘোষণা দেয়া হয়। ১৫তম ওভারে তার জায়গায় কনকাশন সাব হিসেবে মাঠে নামেন উসামা মীর। মাঠে নেমে উসামা বোলিংও করেন। উইকেটও নিয়েছেন একটি।

ক্রিকেটে কনকাশন সাব খেলানোর প্রচলন আইসিসি তাদের নিয়মে খুব বেশি দিন হয়নি যুক্ত করেছে। বিশ্বকাপে এমন ঘটনা এবারই প্রথম ঘটল। নিয়মটি হচ্ছে, যে ক্রিকেটার ইনজুরিতে পড়বেন, তার সঙ্গে সামঞ্জস্য রেখে খেলোয়াড় নামাতে হবে। অর্থাৎ, ব্যাটারের জায়গায় ব্যাটার, বোলারের জায়গায় বোলারেরাই কনকাশন সাব হতে পারবেন। সেভাবেই বোলার শাদাবের জায়গায় বোলার উসামাকে নামানো হয়।