স্পোর্টস ডেস্ক।।
বেটিংয়ের নিয়ম ভাঙায় শাস্তি পেলেন সান্দ্রো টোনালি। নিউক্যাসল ইউনাইটেড ও ইতালির এই মিডফিল্ডার ফুটবল থেকে নিষিদ্ধ হলেন ১০ মাসের জন্য।
ফলে আগামী দশ মাস নিউক্যাসল ও ইতালির হয়ে মাঠে নামতে পারবেন না টোনালি।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) এই শাস্তির কথা জানায়। ফলে ইতালি ২০২৪ ইউরোর মূল পর্বে উঠলেও খেলা হবে না সান্দ্রো টোনালির।
এর আগে বেটিংয়ের নিয়ম ভাঙায় গত ১৭ অক্টোবর জুভেন্টাসে খেলা আরেক ইতালিয়ান মিডফিল্ডার ফাগিওলিকে সাত মাসের জন্য নিষিদ্ধ করে এফআইজিসি। একই সঙ্গে সাড়ে ১২ হাজার ইউরো জরিমানাও গুনতে হয় তাকে।
এদিকে জানা গেছে, টোনালিসহ আরেক ইতালিয়ান মিডফিল্ডার নিকোলো জানিওলোর বিরুদ্ধে তদন্তের কথা এই মাসের শুরুতে জানায় ইতালির প্রসিকিউটররা। এই তথ্য জানানোর পর জাতীয় দলের অনুশীলন কাম্প ছেড়ে চলে যান ওই দুজন।
গত জুলাইয়ে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান থেকে সাড়ে পাঁচ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে ইংলিশ ক্লাব নিউক্যাসলে যোগ দেন টোনালি।











































