Home খেলাধুলা নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলে সুখবর

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলে সুখবর

9

স্পোর্টস ডেস্ক।।

টানা হারের বৃত্তে বাংলাদেশ। আগামীকাল শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নেদার‌ল্যান্ডসের বিপক্ষে নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টানা চার ম্যাচ হারা সাকিব বাহিনীর জন্য। আশার খবর, দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাসকিনকে পাচ্ছে টাইগাররা।

বিশ্বকাপের আগে ধারাবাহিক ছন্দে থাকলেও বৈশ্বিক এই টুর্নামেন্টে সময়টা মোটেও ভালো যাচ্ছে না তাসকিনের। তার মাঝে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে ইনজুরি এসে ভর করে তার ওপর। কাঁধের চোটের কারণে খেলতে পারেননি ভারতের বিপক্ষে। একই কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তাকে নামানো হয়নি।

তবে সবকিছু ছাপিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত ডানহাতি এই বোলার। আফগানিস্তানের বিপক্ষে বল করে নিয়েছিলেন এক উইকেট। ইংল্যান্ডের বিপক্ষেও তেমন একটি সুবিধা করতে পারেননি এই স্পিডমাস্টার। সবমিলিয়ে তিন ম্যাচে নিয়েছেন মাত্র দুই উইকেট। হতাশাজনক এই অধ্যায় কাটিয়ে ফর্মে ফিরতে চাইবেন তিনি, সঙ্গে দলের জয়ও।

সেমিফাইনালের আশা যে এখনো ছাড়ছেন না তাসকিন, সেটি তার কথায় স্পষ্ট। এই পেসার বলেন, ‘আশা এখনো শেষ হয়নি। এখনো ৪ ম্যাচ আছে এবং আমরা যদি এই ৪ ম্যাচ জিততে পারি, তাহলে যেকোনো কিছুই ঘটতে পারে। কারণ, রানরেটের হিসাব আছে। ইংল্যান্ড দল আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরেছে। তাই আমরা ৪টি ম্যাচ জিততে পারলে দৃশ্যপট পাল্টেও যেতে পারে।’