ঢাকা অফিস।।
রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারে আগুনের ঘটনায় আকলিমা রহমান নামে এক তরুণীর সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছে তার পরিবার। ওই তরুণীর সন্ধান পেতে ধানমন্ডি থেকে মহাখালী ছুটে আসেন তার দুই বোন।
বৃহস্পতিবার রাতে মহাখালী খাজা টাওয়ারের সামনে উদ্বিগ্ন হয়ে অপেক্ষায় থাকা আকলিমার মামাতো বোন রওশন আরা বলেন, আকলিমা খাজা টাওয়ারের নবম তলার রেস অনলাইন লিমিটেডে কাজ করত। আমরা ধানমণ্ডি থেকে বোনের খোঁজে এসেছি। তাকে খুঁজে পাচ্ছি না। বিকেল ৪টার দিকে আমাদের ফোন দিয়ে আগুনের কথা জানিয়েছে। সেই সময় বলেছে সে ওই ভবনে আটকে পড়েছে।
তিনি আরও বলেন, আকলিমার বাবার নাম মোকলেছুর রহমান। তাদের বাসা মোহাম্মদপুর বসিলা এলাকায়।
এদিকে ভবনে আটকে পড়া অবস্থা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ৮ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহাখালীর আমতলী মোড়ের কাছের ১৪ তলা বিশিষ্ট খাজা টাওয়ারে আগুন লাগে। আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করছে। পাশাপাশি আগুন নেভানোর কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। এছাড়া সাত প্লাটুন আনসার সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়।











































