Home জাতীয় রাজধানীতে ইন্টারনেট বিভ্রাট

রাজধানীতে ইন্টারনেট বিভ্রাট

7

ঢাকা অফিস।।

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ইন্টারনেট ব্যবহারে সমস্যা হচ্ছে বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকে হঠাৎ করেই ইন্টারনেটের গতি কমে যায় অনেক গ্রাহক জানিয়েছেন। কোথাও কোথাও সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেক ব্যবহারকারী পোস্ট দিয়ে ঘটনার কারণ জানার চেষ্টা করছেন।

বাংলামোটারে বেসরকারি চাকরিজীবী রুবেল বলেন, বিকেল ৫টার পর থেকে মোবাইলে ইন্টারনেট গতি একেবারে কমে গেছে। মাঝে মাঝে চলে যায় আবার আসে।

আবিদ নামে একজন ফেসবুকে লিখেছেন, কাউকে ফোন দিয়ে পাচ্ছি না। কল ঢুকে না। মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ডেও একই অবস্থা। ঘটনা কী? নাকি কাকতালীয় ব্যাপার।

বিভিন্ন প্রতিষ্ঠানেও খোঁজ নিয়ে জানা গেছে, ব্রডব্যান্ড ইন্টারনেট গতি সন্ধ্যা থেকে কম পাচ্ছিলেন তারা। এতে কাজেও বিঘ্ন ঘটছে।

জানা গেছে, রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারের আগুনের কারণেই এই সমস্যা তৈরি হয়েছে।

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান নেক্সট অনলাইনের এজিএম মাহফুজুল ইসলাম গণমাধ্যমকে জানান, মহাখালীর যে ভবনটিতে আগুন লেগেছে সেখান থেকে অনেকগুলো ইন্টারনেট সার্ভিস প্রভাইডার (আইএসপি) প্রতিষ্ঠান সেবা দিয়ে থাকে।

তিনি বলেন, আইটি সেক্টরের অনেকগুলো সার্ভিস চলে মহাখালীতে খাজা টাওয়ার থেকে। শুধু ইন্টারনেটই নয়, আরও অনেক সার্ভিস আছে ওখানে। এখন আইএসপি অনেক বেশি অর্গানাইজড। এক জায়গায় সমস্যা হলে বিকল্প উপায়ে কাজ চালানো হয়। তারপরেও ভবনে আগুন লাগার কারণে অনেক সমস্যা পোহাতে হচ্ছে। আর্থ কমিউনিকেশনের একটা বড় ধরণের আইআইজিও আছে ওখানে; এছাড়া অধিকাংশ আইএসপির পপ ওখানে। আগুনের কারণে কমবেশি সব প্রতিষ্ঠানের উপর প্রভাব পড়ছে।