স্পোর্টস রিপোর্টার।।
আভাস কুমার গঙ্গোপধ্যায়! তিনিও ভারতের একজন বিখ্যাত অলরাউন্ডার। এবারো হয়তো ইতিহাস খোঁজা শুরু হবে। কিন্তু এই নামে ক্রিকেটার খুঁজে পাওয়া দুষ্কর। কীভাবে পাবেন তিনি যে শিল্পী জগতের অলরাউন্ডার। হিন্দি, তামিল, মারাঠি, কন্নর, ভোজপুরী এমনকি বাংলাতেও তার গান আছে। গায়ক হওয়ার পাশাপাশি, অভিনেতা, চিত্র পরিচালক ও প্রযোজক। জীবন শুরু করেছিলেন মুুম্বইয়ে একজন কোরাস সংগীতশিল্পী হিসেবে। এরপর করেন সিনেমাতেও অভিনয়। বদলাতে থাকে জীবন। শেষ পর্যন্ত নামটাও যে বদলে যায়।
সবাই তাকে আসলে চেনেন কিশোর কুমার হিসেবে। সিং নেই তবু নাম তার সিংহ গানটা বাংলাদেশের যে কোনো প্রজন্মের জন্যই পরিচিত। ‘আমার পূজার ফুল’ বা ‘আশা ছিল ভালোবাসা ছিল’ গানগুলি জনপ্রিয়তার শীর্ষে। তাকে অলরাউন্ডার না বলে কি উপায় আছে! ভারতের তারকাদের শহর বলে পরিচিত মুম্বইয়ের জুহুতে কিশোর কুমারের একটি বাংলো আছে। তিনি নেই! তবুও সেখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন ভারতের আরেক সুপার স্টার বিরাট কোহলি। প্রিয় কিশোর কুমারের সেই বাংলোতে গড়ে তুলেছেন- রেস্টুরেন্ট আর পাব। যার নাম রেখেছেন ‘ওয়ান এইট কমিউন’। পাবের এই নামের অবশ্য একটা ব্যাখ্যাও আছে। ওয়ান এইট মানে আঠারো হচ্ছে বিরাটের জার্সি। আর কমিনিউন মানে সবার জন্য। সেখানে এখন কিশোর কুমারের স্মৃতির সঙ্গে মিলে বিরাটের প্রিয় খাবারের মেন্যু আর নানা রকম পানীয়।
ভারতের বিখ্যাত জুহু বিচের একেবারেই কাছে কিশোর কুমারের এই বাংলোর সামনে এখন দামি দামি গাড়ির ভিড়। দুপুর থেকে রাত পর্যন্ত এখানে চলে বিরাট ভক্তদের খানাপিনা, গান আর নাচ। যদিও কিশোর ভক্ত বিরাট তার নামটি বাংলোর সামনে থেকে সরাননি। গেটের এক পাশে এখনো তার ও বাংলোর নামটি আছে কালো অক্ষরে। তার পাশেই বিরাটের এই রেস্টুরেন্টের নামটাও আলো ছড়াচ্ছে কালো অক্ষরে। কলকাতা, পুনে সহ ভারতের এখন পর্যন্ত ৬টি এমন রেস্তরাঁ গড়েছেন বিরাট। সবশেষটি মুম্বইয়ে কিশোর কুমারের বাংলো কিনে নিয়ে। ক্রিকেটে যেমন নিজেকে উজাড় করে দেন বিরাট, রেস্তরাঁ সাজানো থেকে, খাবারের তালিকা, সবকিছুতেই নিজে যুক্ত থেকেছেন বলে জানালেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কেন তিনি বেছে নিলেন এই বাড়িটাই! এ নিয়ে বিরাট জানিয়েছেন- ‘কোনো কিছুই হঠাৎ করে হয় না। এমনটা হওয়ার কথা ছিল বলেই হয়েছে। কিশোরদার গান আমাকে স্পর্শ করে। তিনি এমন একজন মানুষ যার সঙ্গে দেখা করতে পারলে আমি ধন্য হতাম। ওর একটা আলাদা ক্যারিশমা ছিল।’
কিশোর কুমার, বিরাট কোহলির ক্যারিশমা নিয়ে যেমন আলোচনার শেষ নেই। ভক্তদের আবেগটাও কম নয়। যে কারণে এখানে প্রতিদিনই বাড়ছে ভিড়। তবে খাবারের দাম বেশি হওয়াতে সাধারণ মানুষের নাগালের বাইরে সেটি। আবার কোহলির এখানে রেস্তরাঁ করা নিয়েও আছে সমালোচনা। কারণ এই সংগীতশিল্পীকে অনেকে গানের দেবতা হিসেবেও পূজা করেন। বিশেষ করে মুম্বইয়ের স্থানীয়রা। কারণ দিল্লি থেকে মুম্বইয়ে বাসা বাঁধা বিরাট তাদের প্রিয় গায়কের বাড়িতে কেন ‘পাব’ গড়েছেন তা নিয়ে আছে ক্ষোভ।
তবে যাইহোক এখানে যারা খেতে আসেন তারা মনে করেন দুই তারকা যেখানে এক হয়েছে সেখানে তাদের আবেগটা আরও অন্যরকম। আর বিরাটের পছন্দের খাবারটাও যাদের খেয়ে দেখার ইচ্ছা তারাও যে ঘরে বসে থাকেন না! একেবারে কাঁচা সবজি, বাদাম দিয়ে তৈরি কোহলির ‘সুপা সালাদ’ এখানে আসা ভক্তদের অন্যতম প্রিয়। কেউ খেতে পারুক আর না পারুক সেটি নিতে দ্বিধা করেন না। অন্যদিকে সবার আগ্রহের কথা ভেবে রেস্তরাঁর একটি বড় দেয়াল জুড়ে আছে বিরাটের অটোগ্রাফ। যার সঙ্গে ছবি তুলতেই সবার আলাদা আগ্রহ। বাংলোর উপরের দিকটা এখনো পুরনো হলেও নিচের দিকের সবগুলো রুম কোহলি সাজিয়েছেন নিজের মনের মাধুরী মিশিয়ে। এর পেছনে একটা কারণও আছে। জানা গেছে- বিরাটকে একবার প্রশ্ন করা হয়েছিল- কোনো দ্বীপে যদি তাকে একজনের সঙ্গে থাকতে হয় তা হলে তিনি কাকে নেবেন? তিনি তখন উত্তর দিয়েছিলেন- ‘কিশোর কুমার।’











































