আতিকুল ইসলাম।।
এবারের ওয়ানডে বিশ্বকাপের বড় চমক নেদারল্যান্ডস। ওয়ার্ল্ডকাপ কোয়ালিফায়ারে ওয়েস্ট ইন্ডিজের মতো চ্যাম্পিয়ন দলকে বিদায় করে মূলপর্বের টিকিট পায় ডাচ্রা। রাউন্ড রবিন লীগ পর্বে হারিয়ে দেয় হেভিওয়েট দক্ষিণ আফ্রিকাকে। ‘জায়ান্ট কিলার’ নেদারল্যান্ডসকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া। আজ দুপুর আড়াইটায় দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ২৪তম ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
পাকিস্তানের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শুরু হয় নেদারল্যান্ডসের। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারে ডাচ্রা। শক্তি-সামর্থ্যে সবচেয়ে দুর্বল বিবেচিত হওয়া অরেঞ্জিরা নিজেদের তৃতীয় ম্যাচে অভাবনীয়ভাবে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। তবে সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারে স্কট এডওয়ার্ডসরা। এদিকে ভারতের কাছে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ম্যাচে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকার কাছে।
তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাস্ত হয় অজিরা। টানা তিন হারের পর নিজেদের সবশেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় অস্ট্রেলিয়া। সবে ছন্দে ফেরা দলটির সামনে এবার নেদারল্যান্ডসের চ্যালেঞ্জ। ডাচ্দের মুখোমুখি হওয়ার আগে প্রেস কনফারেন্সে অজি কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে নেদারল্যান্ডস। তাদের দলে ছন্দে থাকা দুর্দান্ত কিছু ক্রিকেটার রয়েছে।’
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। অজিদের মোকাবিলায় নিতান্তই দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তবে অরেঞ্জিদের হালকাভাবে নিচ্ছেন না অজি কোচ ম্যাকডোনাল্ড। তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে আপনি কাউকেই হালকাভাবে নিতে পারেন না। আপনারা হয়তো বলছেন, আমাদের উচিত তাদের (ডাচ্) হারানো। তারাও কিন্তু ভাবছে যে, অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগ এসেছে।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের স্মৃতিই অস্ট্রেলিয়ার বিপক্ষে আত্মবিশ্বাসের কারণ নেদারল্যান্ডস। অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে দলটির ওপেনার বিক্রমজিৎ সিং বলেন, ‘দলের পারফরম্যান্স নিয়ে অনেক খুশি আমি। অবশ্যই, আমরা দারুণ ছন্দে আছি। ম্যাচগুলো জেতার চেষ্টা করছি আমরা। এটা ধীরে ধীরে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা।’
বিধ্বংসী ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারানোর বিষয়টিকে অঘটন মানতে নারাজ বিক্রমজিৎ। তিনি বলেন, ‘আমরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছি। সেটি কোনো অঘটন ছিল না। সাধারণ একটি ফল ছিল সেটি। ম্যাচের দিন আমরা ভালো ছিলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষেও আমাদের এই ছন্দ দেখতে পাবেন আপনারা।’ বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল অস্ট্রেলিয়া। নেদারল্যান্ডসের বিপক্ষে নিঃসন্দেহে ফেভারিট তারা। তবে অজিদের হুমকি দিয়ে রেখেছেন বিক্রমজিৎ। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। আমরা দেখেছি, এই বছর কিংবা বিশ্বকাপে এখন পর্যন্ত কীভাবে খেলছে তারা। তবে আমরা এই লড়াইটিকে অন্য সাধারণ ম্যাচের মতোই মনে করছি।’ দলীয় পারফরম্যান্সে বিশ্বাসী বিক্রমজিৎ বলেন, ‘দলের সবাই ধারাবাহিক। প্রয়োজন অনুসারে সবাই পারফর্ম করছে। একটি দলের জন্য এটিই তো প্রয়োজন। আমরা চাই আমাদের সকল খেলোয়াড় ভালো খেলুক। এভাবেই আমরা আমাদের ক্রিকেট খেলি, টোটাল ক্রিকেট।’
ফেভারিট কোন দল?
নেদারল্যান্ডসের বিপক্ষে নিশ্চিত ফেভারিট হিসেবেই খেলতে নামবে অস্ট্রেলিয়া। ওয়ানডে র্যাঙ্কিংয়ের চতুর্থ দল অজিরা। ১০ ধাপ পিছিয়ে নেদারল্যান্ডস। সাম্প্রতিক পারফরম্যান্সে ডাচ্দের চেয়ে কিছুটা এগিয়ে ক্যাঙ্গারুরা। ওয়ানডে ফরম্যাটে নিজেদের শেষ পাঁচ ম্যাচে দুই ম্যাচ জিতেছে অজিরা। হেরেছে তিনটিতে। এদিকে তিন হারের বিপরীতে আফগানদের জয় একটি। অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়।
হেড টু হেড পরিসংখ্যান
ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে মোট ২ বার দেখা হয়েছে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের। বিশ্বকাপের দু’টি ম্যাচেই জয় পায় অজিরা। ২০০৩ বিশ্বকাপে ৭৫ রানের জয়ের পর সবশেষ ২০০৭ আসরে নেদারল্যান্ডসকে ২২৯ রানে হারায় অস্ট্রেলিয়া।
বিশ্বকাপ রেকর্ড
আইসিসি ওয়ানডে বিশ্বকাপে অতীত ইতিহাস সমৃদ্ধ অস্ট্রেলিয়ার। ৫০ ওভারের সবচেয়ে বড় টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে অজিরা। ১৯৮৭ সালে প্রথম শিরোপা জেতে অস্ট্রেলিয়া। ১৯৯৬ থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত টানা ৭ আসরে সবকটির ন্যূনতম কোয়ার্টার ফাইনাল খেলে অস্ট্রেলিয়া। ১৯৯৯, ২০০৩ এবং ২০০৭- টানা তিন আসরে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। ২০১৫ সালে পঞ্চম এবং সবশেষ শিরোপা জেতে ‘ব্যাগি গ্রিন’রা।
১৯৯৬ সালে ওয়ানডে বিশ্বকাপ অভিষেক হয় নেদারল্যান্ডসের। এরপর ২০০৩, ২০০৭ এবং ২০১১ আসরে অংশ নেয় ডাচরা। চারবার বিশ্বকাপ খেলে কোনোবারই গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি নেদারল্যান্ডস।











































