Home খেলাধুলা ফতুল্লা স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু

ফতুল্লা স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু

50

স্পোর্টস রিপোর্টার

নিচু মাঠের কারণে অল্প বৃষ্টিতেই পানি জমে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। সেই পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থাও নেই। আউটার স্টেডিয়ামটি যেন ময়লার ভাগাড়। গ্যালারির ভাঙাচোরা চেহারা তো সংবাদমাধ্যমের কল্যাণে এখন সবার জানা। সেই স্টেডিয়ামটির চেহারা পাল্টে যাচ্ছে। শিগগিরই এখানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের কথা বলছে বিসিবি। গতকাল স্টেডিয়ামটি পরিদর্শনে এসে এমনটাই জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান মো. আকরাম খান। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের উন্নয়নমূলক সংস্কার কার্যক্রম উদ্বোধন শেষে জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, ‘আমাদের মাঠটা অনেক উঁচু করতে হবে। আমরা যতটুকু সম্ভব মাঠটি উঁচু করে খেলার উপযোগী করে তুলবো। এটা এই সিজনে না হলেও পরবর্তী সিজনে এখানে আমরা ফের আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবো।’ মাঠটির সংস্কার কাজের ব্যাপারে তিনি বলেন, ‘বুয়েটের একটি টিমের সঙ্গে আমরা বিগত ছয় মাস আলোচনা করছি।

 

ওদের আইডিয়া নিয়েই আমরা কাজ করবো। আপাতত আমরা মাঠটিকে খেলার উপযোগী করতে চাই। আমাদের কাজ শুরু হয়েছে। বছরখানেক পর আমরা এখানে আন্তর্জাতিক খেলার ভেন্যু হিসেবে তৈরি করে ফেলবো।’ এসময় বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু বলেন, ‘আমাদের জেলায় জেলায় খেলার মাঠ দরকার। এই মাঠটি খেলার অবস্থায় ছিল না। ক্রিকেট বোর্ডের নিজের অর্থায়নে এটা ছয় ফুট ও চার ফুট উঁচু করা হবে। যেন এখানে পানি না জমে। এখানে আপাতত ফার্স্ট, সেকেন্ড ও প্রিমিয়ার ডিভিশন খেলা হবে। আমাদের খেলাধুলা যেন সারা বছর হয় সেজন্য এটা করা হচ্ছে। আন্তর্জাতিক ভেন্যু হিসেবে এটিকে ফিরিয়ে আনতে ব্যাপক সংস্কার করা প্রয়োজন। সেটা জাতীয় ক্রীড়া পরিষদ করবে। যতদিন এ মাঠটি আন্তর্জাতিক ভেন্যু ছিল ততোদিন এখানে রক্ষণাবেক্ষণ ভালোভাবেই হয়েছে। ভেন্যু বাদ হয়ে যাওয়ার পর যখন খেলাধুলা বন্ধ হয়ে যায় তখন আর রক্ষণাবেক্ষণ আগের মতো হয়নি। পাশাপাশি এটা ডিএনডি এলাকায়। ডিএনডির কাজ সেনাবাহিনী করছে, সেটা সম্পন্ন হয়ে গেলেই এ জলাবদ্ধতার সমস্যাগুলো আর থাকবে না। এখন নিয়মিত খেলা চালু হলে এটার রক্ষণাবেক্ষণ আগের মতোই নিয়মিতভাবে চলবে।’