Home খেলাধুলা বোলার-ফিল্ডারদের কাঠগড়ায় তুললেন বাবর

বোলার-ফিল্ডারদের কাঠগড়ায় তুললেন বাবর

40

স্পোর্টস ডেস্ক

শিরোপা খরা কাটানোর মিশনে ভারতে গিয়ে উল্টো অস্তিত্ব সংকটের মুখে পাকিস্তান। টানা দুই জয়ে শুরুটা ভালো হলেও হারের হ্যাটট্রিকে এখন খাদের কিনারায় তারা। ৯২ বিশ্বচ্যাম্পিয়নদের সেমিফাইনালে খেলা নিয়েই এখন ঘোর শঙ্কা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল বাবরদের। আফগান ম্যাচে ‘নতুন পাকিস্তান’কে দেখা যাবে বলে সমর্থকদের আশ্বস্ত করেছিলেন পাক ওপেনার ইমাম উল হক। তবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে খেলতে নেমে আফগানদের কাছে হারতে হয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে। দলের এমন ভরাডুবির কারণ হিসেবে বোলিং আর ফিল্ডিংকেই দায়ী করলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সোমবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে শোচনীয় হারের পর বাবর বলেন, ‘আমাদের সংগ্রহ ভালো ছিল। কিন্তু বোলিংয়ে ভালো করতে পারিনি। মাঝের ওভারগুলোতে উইকেট তুলতে পারছিলাম না।

বিশ্বকাপের মঞ্চে আপনাকে সব বিভাগেই সমান তালে ভালো করতে হবে। এখানে কোনো একটি বিভাগেও ভালো করতে না পারলেই হারতে হবে।’ ওয়ানডে ক্রিকেটে আগের সাত দেখায় কখনোই পাকিস্তানের বিপক্ষে জয় পায়নি আফগানরা। ম্যাচ শেষে অনেকটা আক্ষেপের সুরেই বাবর আজম বলেন, ‘এই হার কষ্টদায়ক। আমরা তাদের বাউন্ডারি মারা থেকে বিরত রাখতে পারেনি। ইচ্ছেমত রান দিয়েছি যা আমাদের ভুগিয়েছে। আমাদের মাঝের ওভারে উইকেট নেওয়ার দরকার ছিল কিন্তু আমরা তা পারিনি।’ নিজেদের সমালোচনা করলেও আফগানদের প্রশংসা করতে ভোলেননি বাবর। তিনি বলেন, ‘পুরো ক্রেডিট আফগানিস্তানের প্রাপ্য। তারা তিন ডিপার্টমেন্টেই দারুণ খেলেছে। এজন্য জয়টা তাদেরই প্রাপ্য ছিল। আমরা বোলিং ও ফিল্ডিংয়ে কোনো বিভাগেই ভালো করিনি।’ পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা পাক অধিনায়কের।