Home খেলাধুলা প্রেসবক্স কর্নার ‘কী চলছে বাংলাদেশ দলে’!

প্রেসবক্স কর্নার ‘কী চলছে বাংলাদেশ দলে’!

36

ইশতিয়াক পারভেজ।।
দক্ষিণ আফ্রিকার স্কোর বোর্ডে ৩৮২ রান ৫ উইকেট হারিয়ে! এক কথায় প্রোটিয়ারা রানের পাহাড়ে চাপা দিয়েছে বাংলাদেশ দলকে। অথচ বাংলাদেশের শুরুটা যে ছিল বেশ উজ্জ্বল। ৮ ওভারে ৩৬ রান তুলতে ২ উইকেট হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা । কিন্তু শেষটা এমন হবে কে জানতো! বিশেষ করে ভারতের সংবাদকর্মীদের মধ্যে টাইগারদের নিয়ে ভাবনা ছিল তা অনেকটাই বদলাতে শুরু করেছে। যে কারণে প্রকাশ্যে ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রেসবক্সে তারা বলেই ফেললো- কী চলছে বাংলাদেশ দলে! সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টার শ্রীরাম ভিরার অস্থিরতা ছিল দেখার মতো। বার বার আসছিলেন তার পরিচিত বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে। এবার তিনি বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে থাকছেন। ইংল্যান্ডে সব শেষ ওয়ানডে বিশ্বকাপেও তিনি টাইগারদের ম্যাচ দেখেছিলেন। তাই তার ধারণা ছিল এবারও হয়তো এমন কিছু করবে সাকিবরা। দৈনিক মানবজমিনের সঙ্গে আলাপকালে তার এমন ধারণার কথাই জানালেন শ্রীরাম।

শুধু তাই নয়, তার অনেক কথার নাকি একটাই মানে- ‘কেয়া চল রাহাহে।’ যার মানে- কী চলছে। তিনি বলেন, ‘বাংলাদেশ দল নিয়ে আমার একটা আশা ছিল যে তারা যে কোনও দেশের জন্য এই বিশ্বকাপে চ্যালেঞ্জ হবে। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দেখার পর ধারণাটি আরো শক্ত হয়। কিন্তু পরের চারটা ম্যাচ যা দেখলাম আর বুঝলাম সেই বাংলাদেশ দল আর নেই। আমার মনে হয় ভিতরে ও বাইরে অনেক ঘটনার প্রভাব পড়েছে এই দলটিতে।’
শেষ তিন ম্যাচ দেখে শ্রীরাম ভিরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অবশ্য বাংলাদেশ দলকে নিয়ে বড় কিছু আশা করেননি। ৩৬ রানে যখন প্রোটিয়ারা ২ উইকেট হারিয়েছিল তখন তিনি তিনি বলেন, ‘বাংলাদেশ শুরুটা দারুণ করেছে কিন্ত এখনো যে ডি কক আছে। ও বুমরাহকে যেভাবে মারে বাংলাদেশের পেসারদের সুযোগ পেলে তো পাত্তাই দেবে না!’ হয়েছে তাই। ডি কক তার নামের পাশে ১৭৪ রান তাও ১৪২ বল খেলে। ১৫টি চারের সঙ্গে হাঁকিয়েছেন ৭টি ছক্কা। তাই ইনিংস শেষে ভিরা বললেন ডি কক নিয়ে ভয়ের কারণটাও। তিনি বলেন, ‘ডি কক যেভাবে ব্যাট করে তা অনেকটা গল্ফের মতো। ও অপেক্ষা করছে যখনই সোজা বল এসেছে ব্যাট ঘুরেছে, পুল করেছে। কারণ ছিল বাংলাদেশের বোলারদের কোনো ভেরিয়েশন ছিল না। একই লেন্থে বল করে গেছে। ডি ককের মতো ব্যাটারকে একই লেন্থে বল করা খুব বাজে বিষয়। তারা ভিতরে বা একটু কাছে টেনে বল করলে মানে বলতে চাইছি ভেরিয়েশনটাই ছিল না।’ তারা যেন শেষ ১০ ওভারে একশ’র বেশি রান করাকে নিয়মিত ঘটনা বানিয়ে ফেলেছে। গতকাল শেষ ১০ ওভারে বাংলাদেশের বিপক্ষেও ১৪৪ রান তুলেছে যেমনটা করেছিল ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের। বিশ্বকাপে টাইগারদের বিপক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের ৩৮৬ সর্বোচ্চ। এমন বিপর্যয়ের কারণটা কী! আবারো কি পরিকল্পনায় ভুল! ম্যাচের আগের দিন প্রথম বারের মতো সংবাদ সম্মেলনে এসে বলে সাকিব আল হাসান বলেছিলেন ওয়েংখেড়ে স্টেডিয়ামে স্পিনাররা তেমন কিছু করতে পারবে না। এখানে যা করার করবে পেসার আর ব্যাটসম্যানরা। অথচ ম্যাচের দিন একাদশে তিন স্পিনার। আর ব্যাটসম্যান তাওহীদ হৃদয়কে রাখা হয় বাইরে। এমন একাদশের পরিকল্পনাকে ভিরা হাস্যকর বলেই মনে করেন। তিনি বলেন, ‘এখানে যে উইকেট একে আমরা পাটা উইকেট বলি। যা ব্যাটসম্যানদের জন্য এক কথায় স্বর্গ। ইংল্যান্ডের বিপক্ষে এখানে দক্ষিণ আফ্রিকা তাণ্ডব চালিয়েছে। টসে জিতে ব্যাট করতে নামলে এমনটাই হবে সেটি অনুমেয়। সেখানে একজন ব্যাটসম্যান কম কেন সেটি অধিনায়ক আর কোচই বলতে পারবে! সাকিব দলে আসায় বাদ দেয়া হয়েছে হৃদয়কে। একাদশে সাকিব ছাড়া মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ। কিন্তু বাংলাদেশের যে স্পিনার তারা আফগানদের মতো বৈচিত্রময় নয়। পেসাররা তো একই লেন্থে বল করেছে। এই উইকেটে এমন একাদশের ভাবনাটা আমি সঠিক মনে করি না।’

 

দক্ষিণ আফ্রিকার ইনিংসে ছক্কা ১৯টি। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ। এছাড়াও সর্বোচ্চ ৮ ছক্কা মেরেছেন হাইনরিখ ক্লাসেন। ৪৯ বলে তিনি খেলেছেন ৯০ রানের ভয়ঙ্কর ইনিংস। শেষ দিকে চার ছক্কায় ১৫ বলে অপরাজিত ৩৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন ডেভিড মিলার।

ভারতীয় সাংবাদিক শ্রীরাম ভিরা অবশ্য এই জন্য কোচ চন্ডিকা হাথুরুসিংহের দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, ‘আমি একট জিনিস বুঝতে পারছি না হাথুরুকে আবার কেন নেয়া হয়েছে। কোনো দেশই পুরনো কোচের কাছে ফিরে যায় না। আর এই বিশ্বকাপের আগে তামিম ইকবালকে নিয়ে যা হয়েছে, সাকিব যা করেছে তারও একটা প্রভাব পড়েছে বলে আমার মনে হয়। বাংলাদেশ দলে একটা কিছু ছিল, যে কারণে তা এবার আর খুঁজে পাওয়া যাচ্ছে না!’