Home খেলাধুলা বাংলাদেশের বিপক্ষে যে হারটি আশা জাগাতে পারে পাকিস্তানের

বাংলাদেশের বিপক্ষে যে হারটি আশা জাগাতে পারে পাকিস্তানের

71

 

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে নিজেদের শুরুর দুই ম্যাচ বেশ ভালোভাবেই জিতেছিল পাকিস্তান। হায়দরাবাদে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কাকে হারিয়ে সূচনাটা ছিল দারুণ। কিন্তু হায়দরাবাদ ছেড়ে আহমেদাবাদ, এরপর বেঙ্গালুরু ও চেন্নাইয়ে খেই হারিয়ে ফেললো বাবর আজমরা। প্রথমে ভারত, এরপর অস্ট্রেলিয়া এবং সর্বশেষ আফগানিস্তানের কাছেও পরাজিত হলো পাকিস্তান।

টানা তিন ম্যাচ বিশ্বকাপে আর কবে হেরেছিল তারা? এই তিন পরাজয়ে কী পাকিস্তানের এবারের সেমিফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে? চলছে এমন হিসাব-নিকাশ। তবে, পাকিস্তানের জন্য অনুপ্রেরণার গল্পও আছে। টানা তিন ম্যাচ এর আগেও একবার হেরেছিল তারা।
২৪ বছর আগে, ১৯৯৯ বিশ্বকাপে টানা তিনটি ম্যাচ হেরেছিল ওয়াসিম আকরামের নেতৃত্বাধীন পাকিস্তান। তবে সেবার ফাইনাল খেলেছিল তারা। ২৪ বছর পর আবারও টানা তিন ম্যাচ হেরে বসলো বাবর আজমের পাকিস্তান। তো এবার কী হবে? ১৯৯৯ সালের পুনরাবৃত্তি ঘটাতে পারবে তারা? ১৯৯৯ থেকে ২০২৩, ২৪ বছরের ব্যবধানে দুই হারের হ্যাটট্রিকের মধ্যে অবিশ্বাস্য মিলও আছে। দুবারই ৬২ রানে একটি ম্যাচে হেরেছে পাকিস্তান।

আবার এক ওভার বাকি থাকতে প্রতিপক্ষ দল জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছে। শুধু তাই নয়, ১৯৯৯ সালের বিশ্বকাপে ওই ‘হ্যাটট্রিক’-এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে হারও ছিল, যা বাংলাদেশের কাছে পাকিস্তানের প্রথম হার ছিল । এবার আফগানিস্তানের বিপক্ষে হেরে গেছে পাকিস্তান, যা আফগানদের কাছে পাকিস্তানের প্রথম হার।
চলতি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ৬২ রানে হারে বাবরের দল। আর আফগানিস্তান জয় পায় এক ওভার বাকি রেখে। অন্যদিকে ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশের কাছে ৬২ রানে পরাজিত হয় পাকিস্তান। আর ২২০ রান তাড়া করে এক ওভার বাকি থাকতেই জয় দেখে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের হ্যাটট্রিক হারের তৃতীয়টি ছিল ভারতের বিপক্ষে। সেই বিশ্বকাপে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শোয়েব আখতার, সাঈদ আনোয়ার, শহীদ আফ্রিদি, সেলিম মালিক, ইনজামাম উল হক, সাকলাইন মুশতাকদের নিয়ে তুখোড় ফর্মে থাকা পাকিস্তানের প্রথম হারটি ছিল বাংলাদেশের বিপক্ষেই। নর্দাম্পটনে আকরাম খানের ৪২ ও ওপেনার শাহরিয়ার হোসেন বিদ্যুতের ৩৯ রানের সুবাদে ২২৩/৯ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন দল। জবাবে ৩৩ বল বাকি রেখে ১৬১ রানে গুটিয়ে যায় পাকিস্তানিরা। দলীয় ৪২ রানে পঞ্চম উইকেট হারানো পাকিস্তানের ইনিংসে সর্বোচ্চ ২৯ রান করেন আজহার মাহমুদ ও ওয়াসিম আকরাম। ব্যাট হাতে দলের তৃতীয় সর্বোচ্চ ২৭ রানের পর বোলিংয়ে ১০ ওভারের স্পেলে ৩১ রানে তিন উইকেট নেন খালেদ মাহমুদ সুজন। ম্যাচসেরার পুরস্কারও ওঠে পেস-অলরাউন্ডার সুজনের হাতে। তবে ২৪ বছর আগে টানা তিন হারের পরও ফাইনাল খেলেছিল পাকিস্তান। এরপর অবশ্য ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল তারা।