Home Uncategorized রাজকৌশল নিয়ে রাজপথে সব দল//শান্তি না সঙ্ঘাত

রাজকৌশল নিয়ে রাজপথে সব দল//শান্তি না সঙ্ঘাত

60
ফাইল ফটো

ঢাকা অফিস
জাতীয় নির্বাচন ঘনিয়ে এলেই রাজপথ উত্তপ্ত হয়ে উঠবে, এটি যেন বাংলাদেশের রাজনীতির চিরায়ত বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ ৩টি নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে রাজনীতির মাঠ ছিল দারুণভাবে সঙ্ঘাতমুখর। নবম সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজপথ এতটাই সাংঘর্ষিক রূপ নেয় যে, দেশে জরুরি অবস্থা জারি করা হয়। দায়িত্ব নেয় সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার। দশম সংসদের আগেও রাজনীতির মাঠে ক্ষোভ দানা বেঁধে উঠে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে। টানা অবরোধের মধ্যে বিরোধী দলবিহীন ওই নির্বাচনে রক্তপাতের ঘটনা ঘটে। দেশের বিভিন্ন জায়গায় বেশ কিছু প্রাণ ঝরে পড়ে। একাদশ নির্বাচনের আগেও রাজনীতি ছিল আন্দোলনমুখর। প্রায় একতরফাভাবে অনুষ্ঠিত ওই নির্বাচনের মধ্য দিয়ে টানা তিনবারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এখন দ্বাদশ নির্বাচন দোরগোড়ায়। পরিস্থিতি একই। উত্তপ্ত হয়েছে রাজপথ। কোনো ফর্মুলায় নির্বাচন হবে, তা নিয়ে চলমান রাজনৈতিক জেদাজেদি চূড়ান্তভাবে কোন দিকে গড়ায় সে দিকে দৃষ্টি সবার। শান্তি না সংঘর্ষ, এ প্রশ্নই এখন সর্বত্র আলোচনার মূল শিরোনাম।

নির্দলীয় অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশের ডাক দিয়েছে রাজপথের বিরোধী দল বিএনপি। বিএনপির এই মহাসমাবেশের বিপরীতে একই দিনে কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। পাশাপাশি একই দিনে মতিঝিলে সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই দিনেই আবার নির্দলীয় অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে নির্বাচন দাবিতে শাহবাগে কর্মসূচি পালন করবে বামপন্থী দলগুলোর একাংশ। কারো টার্গেট ঢাকা দখলে রাখা, আবার কারো লক্ষ্য প্রতিরোধ করা। তাই দখল কিংবা প্রতিরোধ উভয় অবস্থাতেই মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছে নেতাকর্মীরা।

২৮ অক্টোবরকে ঘিরে প্রধান রাজনৈতিক দলগুলোর এই পাল্টাপাল্টি অবস্থান এবং কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ও শঙ্কা ছড়িয়েছে; পরিণত হয়েছে টক অব দ্য কান্ট্রিতে। দলগুলোর ঘোষিত কর্মসূচি থেকে জানা যায়, ওই দিন রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এর কিছুটা দূরেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ। আর রাজধানীর ব্যস্ততম মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের অনুমতি চেয়েছে জামায়াত। অন্য দিকে বাম দলগুলোর একাংশ অবস্থান নেবে শাহবাগে। যার অর্থ রাজধানীর প্রধান গুরুত্বপূর্ণ সড়ক ও সমাবেশস্থল থাকবে রাজনৈতিক নেতাকর্মীদের দখলে।

রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, ২৮ অক্টোবরকে ঘিরে সব রাজনৈতিক দলই শক্ত অবস্থান তৈরি করতে চাইবে। চেষ্টা করবে যতটা সম্ভব বেশিসংখ্যক লোকের জমায়েত করে নিজেদের শক্তি প্রদর্শনের।
বিএনপি সরকারবিরোধী প্রায় ৪০টি দলকে সাথে নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে চূড়ান্ত আন্দোলনে নেমেছে। দলটির ভাষ্য অনুযায়ী, এই আন্দোলনের মহাযাত্রা শুরু হবে ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ থেকে। বিএনপির পরিকল্পনা অনুযায়ী, মহাসমাবেশ ধারণার অতীত জনসমাগম ঘটানো হবে। এই কর্মসূচি হবে শান্তিপূর্ণ। মহাসমাবেশ থেকে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ৩০ অক্টোবর সচিবালয় ঘেরাও কর্মসূচি দেয়া হতে পারে।

মহাসমাবেশ সফল ও পরবর্তী কর্মসূচি নিয়ে গতকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। এর আগে আন্দোলনের অন্যতম শরিক জোট গণতন্ত্র মঞ্চের সাথে দলটি রুদ্ধদ্বার বৈঠক করেছে। এসব বৈঠক সূত্রে জানা যায়, বিএনপি ও তার মিত্ররা শান্তিপূর্ণভাবে ঢাকায় মহাসমাবেশ করতে চায়। তবে আজ থেকে ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত পরিস্থিতি কী হয় তার ওপরও কর্মসূচির ধরন কী হবে, তা নির্ভর করছে। স্বাভাবিকভাবে মহাসমাবেশ করতে পারলে সেখান থেকে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচির ঘোষণা আসবে। যদি তা না হয়, তাহলে তখন পরিস্থিতি অনুযায়ী আরো কঠোর কর্মসূচি আসতে পারে। বৈঠকে সূত্রে আরো জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারি দল যদি মহাসমাবেশে বাধা দেয়, তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে। এসব বৈঠকে মহাসমাবেশ পরবর্তী টানা কর্মসূচি হিসেবে ঘেরাও, বিক্ষোভ, অবস্থান, অবরোধ এমনকি হরতালের বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠকে অংশ নেয়া একজন নেতা জানান, আগামী ৩০ অক্টোবর যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো যার যার অবস্থান থেকে পদযাত্রাসহকারে সচিবালয় অভিমুখে রওনা হবে। বিএনপি নয়াপল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা শুরু করবে। তাদের পদযাত্রার সম্মুখভাগে থাকবে ফ্যাসিবাদবিরোধী ছাত্রঐক্য, নারী ও শ্রমিক এবং সব শেষে থাকবে বিএনপি। এ দিকে মহাসমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে শুরু করেছেন বিভিন্ন দলের নেতাকর্মীরা। বিরোধী রাজনৈতিক দলের সূত্রগুলো বলছে, বিগত দিনগুলোতে সমাবেশ বাধাগ্রস্ত করতে এমনকি নেতাকর্মীরা যাতে সমাবেশে যোগ দিতে না পারেন সে জন্য রাস্তায় রাস্তায় হয়রানি, গ্রেফতারসহ গণপরিবহন বন্ধ করে দেয়ার মতো ঘটনা ঘটেছে। তাই আগাম প্রস্তুতি হিসেবে আগেভাগেই নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। ইতোমধ্যে বিএনপি ও আন্দোলনের শরীক দলগুলোর কয়েক লাখ নেতাকর্মী ঢাকায় প্রবেশ করেছেন বলে জানা গেছে। এ ছাড়া আগামী তিন দিন বাস-ট্রাক-ট্রেন-লঞ্চসহ বিভিন্ন যানবাহনে করে ঢাকায় প্রবেশ করবেন লাখ লাখ নেতাকর্মী।

সমাবেশ সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে জামায়াতে ইসলামীও। এ বিষয়ে গত সোমবার দলটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীকে সুশৃঙ্খলভাবে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। বিরোধী দলগুলোর পাল্টা কর্মসূচি হিসেবে একই দিন আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ হবে। আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, বিশেষত ঢাকার পার্শ¦বর্তী জেলাগুলো থেকে এই সমাবেশে যোগ দেবেন হাজার হাজার নেতাকর্মী। আজ ২৫ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিসে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে জরুরি সভা অনুষ্ঠিত হবে। সেখান থেকেই ২৮ তারিখের করণীয় নিয়ে সিদ্ধান্ত আসবে। জানা গেছে, বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকা আসার জন্য গাড়ি ও ট্রেন বুক করেছে। জানা গেছে, আওয়ামী লীগ বিএনপিকে রাজপথেই মোকাবেলা করতে চায়। এ লক্ষ্য নিয়েই বিএনপির কর্মসূচির দিনে তারাও পাল্টা কর্মসূচি দিয়ে আসছে। যাতে করে বিএনপি কোনো সুযোগ না পায়। সূত্রগুলো বলছে, আওয়ামী লীগ যেকোনোভাবেই আসন্ন নির্বাচনের বৈতরণী পার করতে চায়। এ ক্ষেত্রে কোনো ছাড় না দেয়ার মানসিকতা নিয়েই তারা এগুচ্ছে। নভেম্বরের মাঝামাঝিতে তফসিল ঘোষণার পর তারা পুরোদমে নির্বাচন প্রস্তুতি করতে চায়। আওয়ামী লীগ মনে করছে, নির্বাচন একবার হয়ে গেলে ক্ষমতাও ধরে রাখা সম্ভব হবে।

এ দিকে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি এমন অবস্থানে সতর্ক অবস্থায় রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, আগামী ২৮ অক্টোবর বিএনপির ডাকা কর্মসূচির আড়ালে যদি কেউ সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে।
পাশাপাশি বিএনপির কর্মসূচি ঘিরে দেশজুড়ে গ্রেফতার অভিযান চলছে। গত ১৮ অক্টোবর থেকে সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দলটি। দলটির নেতারা জানান, গ্রেফতার এড়িয়ে সমাবেশ সফলের চেষ্টা করছেন নেতা-কর্মীরা। সরকারের কোনো চেষ্টাই সমাবেশ ভণ্ডুল করতে পারবে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ কোনো কিছুই আটকিয়ে রাখতে পারবে না। আওয়ামী লীগের কোনো ভয়-ভীতি, তাদের সভা-সমিতি যত কিছুই করুক, এবার রাস্তার মানুষকে দাবি আদায়ের ক্ষেত্রে কোনো কিছুই কোনোটাই আটকিয়ে রাখতে পারবে না। মির্জা ফখরুল বলেন, এটা নিশ্চিত যে এবারকার আন্দোলন ফায়সালার দিকেই যাচ্ছে এবং এতে জনগণের বিজয় অনিবার্য।
জানা গেছে, বিএনপি নয়াপল্টনেই মহাসমাবেশ করতে চায়। তবে ভেনু নিয়ে সরকারের অবস্থান এখনো স্পষ্ট নয়। সরকারের ভেতরে কেউ কেউ গত বছরের ১০ ডিসেম্বরের মতো কম গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে বিবেচিত গোলাপবাগ মাঠে বিএনপিকে সমাবেশ করতে দেয়ার পক্ষপাতী। আগামী এক দুই দিনের মধ্যে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল এ বিষয়ে বলেছেন, বিএনপি যদি পুলিশ কমিশনারকে সন্তুষ্ট করতে পারেন, আর তাদের ওয়াদাগুলো পর্যালোচনা করে যে তারা অরাজক পরিস্থিতি তৈরি করবেন না, কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি করবেন না, তাহলে আমার মনে হয় কমিশনার অনুমতি দেবেন। ২৮ অক্টোবর সমাবেশকে ঘিরে অনেকেই অনেক কথা বলছেন। আমি মনে করি বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে, তাদের সমাবেশের অনুমতি মিলবে। তিনি বলেন, বিএনপি জনসমর্থন হারিয়েছে। তাদের শাসনামলে জঙ্গি সন্ত্রাস দিয়ে একটি অরাজকতা তৈরি করেছিল। এ দেশের মানুষ কখনোই সন্ত্রাস জঙ্গিবাদ পছন্দ করে না। তারা আলোকিত বাংলাদেশ দেখতে চায়, তারা আর পেছনে ফিরে যেতে চায় না; এ দেশের মানুষ যেহেতু একবার বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের ওপর আর কখনো আস্থা এবং বিশ্বাস রাখবে না।