Home খেলাধুলা আরও একটি রেকর্ডের সামনে শাহীন আফ্রিদি

আরও একটি রেকর্ডের সামনে শাহীন আফ্রিদি

45

স্পোর্টস ডেস্ক।।
ব্যাটিং সহায়ক উইকেটে চলছে এবারের বিশ্বকাপ। যেখানে বোলারদের ভালো করার সুযোগ কমই পাচ্ছে। এমন ফ্ল্যাট উইকেটেও মাঝেমধ্যে আগুন ঝরাচ্ছেন কয়েকজন বোলার। তাদেরই একজন পাকিস্তানি তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে গড়েন দ্বিতীয় কোনো পাকিস্তানি হিসেবে দু’বার পাঁচ উইকেট নেয়ার কীর্তি। এর মাধ্যমে শ্বশুর শহীদ আফ্রিদির রেকর্ডে ভাগ বসিয়েছেন শাহিন। এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে বিশ্বকাপে দু’বার করে ৫ উইকেট পাওয়ার ঘটনা আছে এই দুই বোলারের। এছাড়া ওই ম্যাচে আরও রেকর্ড গড়েছিলেন শাহীন আফ্রিদি। ৪৮তম ওয়ানডে ম্যাচে তিনি পেসার হিসেবে সর্বোচ্চ ৯৫ উইকেট নেওয়ার নজির গড়েন। অবশ্য তিনি একাই নন, সমানসংখ্যক ম্যাচ খেলে এর আগে অজি পেসার মিচেল স্টার্কও ৯৫ উইকেট নিয়েছিলেন।

আরেকটি রেকর্ড গড়ার দৌড়গোরায় আছেন শাহীন আফ্রিদি। ওয়ানডেতে পাকিস্তানের হয়ে দ্রুততম ১০০ উইকেট পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি।
এর আগে ৫৩ ম্যাচে দ্রুততম একশ উইকেট নেওয়ার রেকর্ড আছে কিংবদন্তি স্পিনার সাকলায়েন মুশতাকের। আর বর্তমানে শাহীন আফ্রিদি খেলেছেন ৪৮ ম্যাচ। অস্ট্রেলিয়ার সাড়ে তিনশ পেরোনো ম্যাচটিতে ৫২ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন শাহীন আফ্রিদি। যার মাধ্যমে আন্তর্জাতিক ক্যারিয়ারে পাকিস্তানের বাঁ-হাতি পেসার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ২৬৪ উইকেট দখলে এসেছে তার। এদিন তিনি টপকে যান বর্তমানে দলের বাইরে থাকা পেসার মোহাম্মদ আমিরকে (২৫৯)। তবে আমিরের চেয়ে শাহীন ৩২ (মোট ১৪৫ ইনিংস) ইনিংস কম খেলেছেন। এখন স্বদেশি বাঁহাতি পেসারদের মধ্যে তার সামনে রয়েছেন কিংবদন্তি ওয়াসিম আকরাম। ৫৩২টি আন্তর্জাতিক ইনিংসে সাবেক এই পেসার নেন ৯১৬ উইকেট। ২০১৯ বিশ্বকাপে লর্ডসে বাংলাদেশের বিপক্ষে ৯.১ ওভারে ৩৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন শাহীন আফ্রিদি। এবার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শাহীন ৫ উইকেট নিয়েছেন।