Home খেলাধুলা ভারতের সাবেক অধিনায়ক বিষেণ সিং বেদি আর নেই

ভারতের সাবেক অধিনায়ক বিষেণ সিং বেদি আর নেই

44

স্পোর্টস ডেস্ক।।

মারা গেছেন ভারতের সাবেক অধিনায়ক বিষেণ সিং বেদি। দিল্লিতে ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সর্বকালের অন্যতম সেরা এই স্পিনার। বেদির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বেশ কিছু বছর ধরেই অসুস্থতায় ভুগছিলেন এই ক্রিকেট গ্রেট। গত মাসেও তার একটি অপারেশন করা হয়।

 

১৯৪৬ সালে জন্ম নেয়া বিশান সিং বেদি ভারতের হয়ে ১৯৬৭ থেকে ১৯৭৯ সালের মধ্যে ৬৭টি টেস্ট ও ১০টি ওয়ানডে খেলেন। অবসর নেয়ার সময় ২৬৬ উইকেট নিয়ে টেস্টে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। ১৯৬৭ সালে কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় বেদির। ১৯৭৬ সালে নিউজিল্যান্ড সফরে ভারতের অধিনায়ক হন তিনি। তার নেতৃত্বে ২২টি টেস্ট খেলে ভারত জিতেছিল ৬ ম্যাচ। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও সফল ছিলেন বেদি।

 

নর্দাম্পটনশায়ারের হয়ে প্রথম শ্রেণিতে ২০.৮৯ গড়ে ৪৩৪ উইকেট শিকার তার।
বিষেণ সিং বেদির মৃত্যুতে শোকে মুহ্যমান ক্রিকেট বিশ্ব। ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সোশ্যাল মিডিয়ায় লিখেন, ‘কিংবদন্তি বিশান সিং বেদির মৃত্যুতে আমরা শোকাহত। বড় একজন ক্রিকেটারের বাইরে তিনি দারুণ এক ব্যক্তি ছিলেন, তরুণ ক্রিকেটারদের সহায়তা করতে বরাবরই এগিয়ে আসতেন।’

 

ইরফান পাঠান লিখেন, ‘ভারতের অন্যতম সেরা ক্রিকেটার বিশান সিং বেদি আর নেই। আমাদের ক্রিকেটের বড় ক্ষতি হয়ে গেলো। তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইলো।’ সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘বিশান সিং বেদির মৃত্যুতে গভীরভাবে শোকাহত আমরা। আমাদের ক্রিকেটে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ঈশ্বর তার পরিবারকে ধৈর্য্য ধারণের শক্তি দিন।’