স্পোর্টস ডেস্ক।।
৭৯তম মিনিটের খেলা চলছে। ফার্মিন লোপেজকে তুলে মার্ক গিউকে নামালেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। বদলি হিসেবে নামার এক মিনিট পরই গোল পেয়ে যান এই স্প্যানিশ তরুণ। অভিষিক্ত গিউয়ের জয়সূচক একমাত্র গোলেই রোববার লা লিগার ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারায় কাতালানরা। আর এতে রেকর্ড হয় জয়ের নায়ক গিউয়ের।
অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে ম্যাচজুড়ে একের পর এক আক্রমণে বিলবাওয়ের রক্ষণ ব্যস্ত রাখে বার্সেলোনা। তবে গোলের দেখা পাচ্ছিল না ব্লাউগ্রানারা। ৮০তম মিনিটে জয়সূচক গোলটি করেন বদলি হিসেবে নামা মার্ক গিউ। জোয়াও ফেলিক্সের থ্রো বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত শটে লক্ষ্যভেদ করেন তিনি।
ফুটবলের পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট অপ্টার তথ্যমতে, ১৭ বছর ২৯১ দিন বয়সে গোল করে একুশ শতকে বার্সেলোনার হয়ে সর্বকনিষ্ঠ অভিষিক্ত গোলদাতা বনে যান গিউ। রেকর্ড গড়ে তরুণ এই ফরোয়ার্ড বলেন, ‘আমি এটা বিশ্বাসই করতে পারছি না। (আনন্দে) নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে।
আমি এই মুহূর্তটিকে উপভোগ করছি। এমন সুযোগের জন্যই আমার এতদিনের পরিশ্রম। এবং শেষ পর্যন্ত দারুণভাবে প্রত্যাশা পূরণ হলো আমার।’
তরুণ তুর্কী গিউকে নিয়ে বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মার্ক গিউকে পছন্দ করি। সবসময়ই বলেছি লা মাসিয়ার (বার্সেলোনার যুব দল) ফুটবলারদের খেলাতে কোনো সমস্যা নেই আমার। (কোচ হিসেবে) তরুণ খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে হবে।’
চলতি মৌসুমে ১০ ম্যাচে ৭ জয় ও ৩ ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে স্প্যানিশ লা লিগা টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে বার্সেলোনা। ১০ ম্যাচে ৮ জয়, ১ ড্র এবং ১ হারে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা জিরোনার পয়েন্টও ২৫। গোল পার্থক্যে এগিয়ে রিয়াল।











































