স্পোর্টস রিপোর্টার।।
পুনে থেকে মুম্বইয়ে এসে দু’দিন বিশ্রামে ছিল বাংলাদেশ দল। অধিনায়ক সাকিব আল হাসান খেলবেন কি খেলবেন না তা নিয়ে এখনো শঙ্কা কাটেনি। তার মধ্যে জানা গেল মুম্বইয়ে দলের অনুশীলনেই আসেননি প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই ভাবে প্রধান কোচের দলের সঙ্গে না থাকা জন্ম দিয়েছে নানা প্রশ্নের। কী হয়েছে তার? তুখোড় ফর্মের দল দক্ষিণ অফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কেন তিনি অনুশীলনে আসেননি তা নিয়ে চলছে গুঞ্জন। তবে জাতীয় দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন চিন্তার খুব একটা কারণ নেই। পানি শূন্যতায় ভুগছেন হাথুরু। রাবিদ বলেন, ‘চিন্তার কোনো কারণ নেই। কিছুটা পানি শূন্যতায় ভুগছেন বা তার খারাপ লাগছিল যে কারণে আজ তিনি মাঠে আসেননি।’ মুম্বইয়ে অক্টোবরে কিছুটা ঠাণ্ডা পড়তে শুরু করে। কিন্তু এবার একেবারেই ব্যতিক্রম।
প্রচণ্ড গরমে রাস্তায় বের হওয়াই মুশকিল। সেখানে মাঠে রোদের মধ্যে অনুশীলন করা আরো কঠিন। হয়তো সেই কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। জানা গেছে তিনি হোটেল থেকে মাঠে আসার জন্য বেরও হয়েছিলেন। তবে গাড়িতে ওঠার আগে খারাপ লাগছে বলে রুমে চলে যান। তার না আসা নিয়ে গুঞ্জনের কারণও আছে। বাংলাদেশ দলে ইনজুরি আর অসুস্থতা নিয়ে যে নাটক চলছে তাতেই এখন সবকিছু নিয়ে সন্দেহটা চলেই আসে।











































